ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০১ সালের পর থেকে যারা অত্যাচার-নির্যাতনের সঙ্গে জড়িত ছিল তাদের আইনের আওতায় আনার কথা বলেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
তার দল প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “আমাদের যতটুকু শক্তি আছে- তা আমরা দেশের মানুষের কল্যাণে লাগাচ্ছি। আইন তার আপন গতিতে চলবে। ২০০১ সালের পর থেকে যারা অপরাধ করেছে- তাদের বিচার হবে। ইনশাল্লাহ।”
বৃহস্পতিবার বিকালে গণভবনে ভোলা জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে এক মত বিনিময় সভায় সমাপনী বক্তব্যে শেখ হাসিনা এ কথা বলেন।
২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয় বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট। এর পরপর হিন্দু স¤প্রদায় ও বিরোধী দলের (আওয়ামী লীগ) নেতা-কর্মীদের ওপর দেশব্যাপী নির্যাতনের ঘটনায় ওই জোটের ২৫ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য রয়েছে বলে গত ১ ডিসেম্বর বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। ঘটনা তদন্তে গঠিত বিচার বিভাগীয় কমিশনের তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানান তিনি।
ওই কমিশনের বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে মামলা হবে।”
“বিএনপির কতো জন জড়িত- এর বিচার করব। চুরিও করবে, আবার বড় গলায় কথা বলবে।”
ভোলা জেলা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাদের সঙ্গে মত বিনিময়ে প্রারম্ভিক এবং সমাপনী- দু’দফায় বক্তব্য দিলেও বিএনপি নেতা ইলিয়াস আলীর ‘নিখোঁজ’ হওয়া বা বিএনপির হরতাল কর্মসূচি নিয়ে কোনো কথা বলেননি শেখ হাসিনা।
সরাসরি হরতাল প্রসঙ্গে কিছু না বললেও আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “সরকার শিক্ষার উন্নয়ন করছে- তা বিরোধীদলীয় নেতার পছন্দ হয় না। পরীক্ষা নষ্ট করতে পারলেই ভালো। সেটাই তিনি করে যাচ্ছেন।”
বিরোধী দলের গত রোববার থেকে পরপর তিন দিনের হরতালে কয়েকটি বিষয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষা নির্ধারিত দিনে হয়নি। গত বৃহস্পতিবার ইলিয়াসের নির্বাচনী জেলা সিলেটে বিএনপির হরতালের জন্য ওই বিভাগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল হয়।
যুদ্ধাপরাধীদের বিচারের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের নির্বাচনী ওয়াদা এবং যুব সমাজের দাবি ছিলো, যুদ্ধাপরাধীদের বিচার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধাপরাধীদের বিচার এখনো হচ্ছে। তাহলে, আমাদের এখানে যুদ্ধাপরাধীদের বিচার হবে না কেন?”
“যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছি এবং তা হবে।”
ভোলায় আওয়ামী লীগের সাংসদ তোফায়েল আহমদ, নুরুন্নবী চৌধুরী শাওন, আবদুল্লাহ আল মাহমুদ জ্যাকব ছাড়াও দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহ, আব্দুল লতিফ সিদ্দিকী, শেখ ফজলুল করিম সেলিম, ইউসুফ হোসেন হুমায়ুন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী, উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২১৫০ ঘ.
bdnews24