২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলীমের যুদ্ধাপরাধ: আসামিপক্ষ যুক্তি দেবে ৩ মে

একাত্তরে যুদ্ধাপরাধের মামলায় বিএনপি নেতা আব্দুল আলীমের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিতে প্রসিকিউশনের বক্তব্য ও যুক্তি উপস্থাপন শেষ হয়েছে। আসামিপক্ষের বক্তব্য শোনার জন্য ৩ মে দিন রেখেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2012, 12:25 PM

Updated : 24 Aug 2022, 11:14 AM

ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে যুদ্ধাপরাধের মামলায় বিএনপি নেতা আব্দুল আলীমের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিতে প্রসিকিউশনের বক্তব্য ও যুক্তি উপস্থাপন শেষ হয়েছে। আসামিপক্ষের বক্তব্য শোনার জন্য ৩ মে দিন রেখেছে আদালত। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ মামলার কার্যক্রম শুরুর পর আলীমের যুদ্ধাপরাধের ৯টি অভিযোগ তুলে ধরেন প্রসিকিউটর রানা দাশগুপ্ত। এর আগে মঙ্গল ও বুধবার আরো ১৯টি অভিযোগ পড়ে শোনানো হয়। এই ১৯ দফা অভিযোগের মধ্যে একাত্তরে হত্যা, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংয়োগ ও দেশত্যাগে বাধ্য কারার মতো অপরাধও রয়েছে। আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম শুনানির প্রস্তুতির জন্য চার সপ্তাহের সময় চাইলেও বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল ৩ মে আলীমের আইনজীবীদের যুক্তি শোনার দিন রাখেন। গত ২৭ মার্চ বিএনপি নেতা আব্দুল আলীমের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। পরে মামলাটি বর্তমান ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। প্রসিকিউশন গত ১৫ মার্চ এই বিএনপি নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয়। তিন হাজার ৯০৯ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে সাত ধরনের মানবতাবিরোধী অপরাধের ২৮টি ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনা হয় এতে। যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগে গতবছর ২৭ মার্চ জয়পুরহাটের বাড়ি থেকে আলীমকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি বিশেষ শর্তে জামিনে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/১৮১৬ ঘ.