ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এম ইলিয়াস আলী ‘নিখোঁজ’ হওয়ার ঘটনায় বিএনপির নতুন করে হরতালের ইংগিতের মধ্যেই বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যন মজিনা।
খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মার্কিন রাষ্ট্রদূত বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে তাদের সাক্ষাতের সময় ঠিক করা হয়েছে।”
মঙ্গলবার গুলশানে নিজ বাসভবনে মজিনা সাংবাদিকদের বলেন, ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ঘটনায় তার দেশ উদ্বিগ্ন।
বিএনপির এ নেতাকে খুঁজে পেতে সবাইকে সংযত আচরণ করার এবং সরকারকে এ বিষয়ে সহযোগিতা দেওয়ার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি।
গত ১৭ এপ্রিল মধ্যরাতে রাজধানীর মহাখালী এলাকা থেকে নিখোঁজ হন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ এম ইলিয়াস আলী। পুলিশ ওই রাতে তার গাড়িটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।
সরকারের বাহিনীই ইলিয়াসকে ‘গুম’ করেছে এমন অভিযোগ এনে গত রোববার থেকে টানা তিনদিন সারাদেশে হরতাল করে বিএনপি। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া মঙ্গলবার সংবাদ সম্মেলন করে ইলিয়াসকে উদ্ধারের জন্য শনিবার পর্যন্ত সময় বেঁধে দিয়ে বলেন ওই সময়ের মধ্যে সন্ধান না মিললে নতুন কর্মসূচি দেওয়া হবে।
এরপর বুধবার বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের এক বৈঠকের পর নেতারা ইংগিত দেন, ইলিয়াসকে শনিবারের মধ্যে ‘পাওয়া’ না গেলে পরদিন থেকে বিরোধী জোট আবার টানা হরতাল করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৩১৩ ঘ.
bdnews24