ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা এম ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার ঘটনায় ‘আরো’ হরতাল দিয়ে দেশের মানুষকে জিম্মি না করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের মুখপাত্র ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
এর বদলে ইলিয়াসকে উদ্ধারে সরকারকে সহযোগিতা করার জন্য বিএনপিসহ সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবারের মধ্যে ইলিয়াসের খোঁজ না মিললে রোববার থেকে টানা হরতাল দেওয়ার বিষয়ে বিএনপি নেতাদের ইংগিতের মধ্যেই বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে এ আহ্বান জানালেন সৈয়দ আশরাফ।
সকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “আরো হরতাল দিয়ে দেশকে জিম্মি করবেন না। দেশের মানুষ ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার সঙ্গে সম্পৃক্ত নয়। তাদের এ হয়রানি থেকে মুক্তি দিন।”
“আপনারা সরকারকে সহযোগিতা করুন, যাতে ইলিয়াস আলীকে খুঁজে বের করতে পারে”, যোগ করেন আশরাফ।
গত ১৭ এপ্রিল মধ্যরাতে রাজধানীর মহাখালী এলাকা থেকে নিখোঁজ হন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ এম ইলিয়া আলী। পুলিশ ওইরাতে তার গাড়িটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।
সরকারের বাহিনীই ইলিয়াসকে ‘গুম’ করেছে এমন অভিযোগ এনে গত রোববার থেকে টানা তিনদিন সারাদেশে হরতাল করে বিএনপি। তার আগে গত বৃহস্পতিবার সিলেট বিভাগে সকাল-সন্ধ্যা হরতাল হয়।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া মঙ্গলবার সংবাদ সম্মেলন করে ইলিয়াসকে উদ্ধারের জন্য শনিবার পর্যন্ত সময় বেঁধে দিয়ে বলেন ওই সময়ের মধ্যে সন্ধান না মিললে নতুন কর্মসূচি দেওয়া হবে।
এরপর বুধবার বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের এক বৈঠকের পর নেতারা ইংগিত দেন, ইলিয়াসকে শনিবারের মধ্যে ‘পাওয়া’ না গেলে পরদিন থেকে বিরোধী জোট আবার টানা হরতাল করবে।
আশরাফ বলেন, “আমরা চাই, সরকার জীবিত অবস্থায়ই ইলিয়াস আলীকে উদ্ধার করুক। সেই লক্ষ্যেই আমরা কাজ করছি।”
“আমরা হত্যা-গুমের রাজনীতিতে বিশ্বাস করি না। অনেক বিষয় নিয়েই আমরা রাজনীতি করি, এ বিষয়ে রাজনীতি করার কোনো সুযোগ নেই। আমরা আশা করব অচিরেই জীবিত অবস্থায় ইলিয়াস আলী আমাদের মাঝে আসবেন”, যোগ করেন তিনি।
ক্ষমতাসীন আওয়ামী লীগের এই মুখপাত্র বলেন, ইলিয়াস আলীকে উদ্ধারের জন্য সবাই সরকারকে সহযোগিতা করবে আশা করা হলেও কিছু ‘মুখরোচক কল্পকাহিনী’ ছাড়া সরকার কিছু পায়নি।
একমাত্র ইলিয়াসের স্ত্রীই সরকারকে সহযোগিতা করেছেন উল্লেখ করে আশরাফ বলেন, “তিনি চান তার স্বামী উদ্ধার হোক। এজন্য তিনি সহযোগিতার হাত নিয়ে এগিয়ে এসেছিলেন।”
আশরাফ জানান, ইলিয়াস গাজীপুরে আছেন এমন সংবাদের ভিত্তিতে গত ২১ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করেন ওই বিএনপি নেতার স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। তার কথা মতো র্যাব তাকে নিয়ে সেখানে অভিযান চালায়। কিন্তু ইলিয়াসকে পাওয়া যায়নি।
“কিন্তু সেদিনই তিনি খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন এবং পরবর্তীতে র্যাবের সঙ্গে যাওয়ার কথা অস্বীকার করেন। এমন কি ঘটলো যে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেই সত্য অস্বীকার করছেন? এর রহস্য কী? কেন তাকে ভিকটিম করা হচ্ছে। তিনি তো স্বামী হারানোর বেদনায় প্রায় অসুস্থ।”
“এটা কি রাজনীতি-রাজনীতি খেলা?” বিএনপির উদ্দেশ্যে প্রশ্ন করেন আওয়ামী লীগের এই প্রভবাশালী নেতা।
ইলিয়াস আলীকে উদ্ধারে স্বরাষ্ট্রমন্ত্রী এখনো কাজ করে যাচ্ছেন উল্লেখ করে আশরাফ বলেন, “তাকে উদ্ধার করা সরকারের দায়িত্ব। আমরা এখনো চেষ্টা করে যাচ্ছি যেখানেই ইলিয়াস আলী থাকুক না কেন তাকে উদ্ধার করবো। এটা গভর্মেন্টের প্রায়োরিটি।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন বলেও স্থানীয় সরকার মন্ত্রী জানান।
আশরাফ বলেন, “ওই বৈঠকে তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন, ‘আমি ইলিয়াস আলীকে জীবিত অবস্থায় ফেরত চাই’,”।
ইলয়াসকে উদ্ধারে সবার সহযোগিতা চেয়ে আশরাফ বলেন, সরকারের পক্ষ থেকে অনুরোধ, সুনির্দিষ্ট তথ্য দিয়ে সরকারকে সহযোগিতা করুন।
টানা তিন দিন হরতালের সমালোচনা করে তিনি বলেন, “একজন নিখোঁজ হওয়ার পর চার জনকে হত্যা করা হলো, তারা কি এজন্য দায়ী? দেশের মানুষকে জিম্মি করা হলো- তারা কি এজন্য দায়ী। এইচএসসি পরীক্ষার্থীদের জিম্মি করা হলো তারাও তো এ ঘটনার জন্য দায়ী না।”
হরতাল দিয়ে বা ‘জ্বালিয়ে-পুড়িয়ে’ ইলিয়াস আলী ফিরে আসবে না মন্তব্য করে আশরাফ বলেন, “উদ্দেশ্য যদি ভিন্ন হয়, ইলিয়াস নিখোঁজ হওয়াকে পুঁজি করে যদি রাজনৈতিক গোল করাই উদ্দেশ্য হয় তাহলে ভিন্ন কথা।”
২০০১ সালে একই সংসদের সদস্য হলেও ইলিয়াস আলীর সঙ্গে ‘ব্যক্তিগত পরিচয়’ নেই বলে দাবি করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
আনুষ্ঠানিক বক্তব্য শেষ করে কোনো প্রশ্নের উত্তর না দিয়েই সংবাদ সম্মেলন শেষ করেন আওয়ামী লীগের মুখপাত্র।
অন্যদের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, মন্ত্রী আব্দুল মান্নান খান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বিএম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী, আবু সাঈদ আল মাহমুদ স্বপন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/১৪২৪ ঘ.
bdnews24