২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ অগাস্ট মামলায় মুজাহিদের জামিন আবেদন নাকচ

২১ অগাস্ট গ্রেনেড হামলার মামলায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদের জামিন আবেদন নাকচ করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2012, 10:06 AM

Updated : 24 Aug 2022, 11:14 AM

ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ অগাস্ট গ্রেনেড হামলার মামলায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদের জামিন আবেদন নাকচ করেছে আদালত। বুধবার ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন নাজিম উদ্দিন রোডে বিশেষ এজলাসে বসে জামায়াত নেতার জামিন আবেদন নাকচ করেন। আদালতে রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি আবদুল্লাহ আবু ভূঁইয়া জানিয়েছেন, বুধবার মামলার বাদি পুলিশের উপ-পরিদর্শক শরীফ ফারুক আহম্মেদকে আরো ছয় আসামির আইনজীবীরা জেরা করেছেন। এই ছয় জনের মধ্যে এক জন পলাতক আসামি। তিনি হলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী। হারিছের পক্ষে জেরা করেন রাষ্ট্রীয় খরচে নিয়োগপ্রাপ্ত আইনজীবী আবু তৈয়ব। বুধবার জেলার পর বিচারক শাহেদ নূর উদ্দিন আগামী ৩০ এপ্রিল পরবর্তী শুনানির জন্য দিন ঠিক করেন। গত ১৫ এপ্রিল বাদিকে ১০ আসামির আইনজীবী জেরা করেছিলেন। গত ৯ এপ্রিল মামলার আসামি পুলিশের সাবেক ছয় কর্মকর্তা অবসরপ্রাপ্ত আইজিপি মো. আশরাফুল হুদা, শহুদুল হক, খোদা বখশ চৌধুরী, সাবেক বিশেষ পুলিশ সুপার মো. রুহুল আমিন, সিআইডির সহকারী পুলিশ সুপার মুন্সী আতিকুর রহমান ও আব্দুর রশিদ জামিন পান। ২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ ২৪ জন। এই ঘটনায় মামলা হলেও বিএনপি-জামায়াত জোট সরকারের সময় তদন্ত প্রভাবিত হয়েছিল বলে অভিযোগ ওঠে। কয়েকজন তদন্ত কর্মকর্তার হাত ঘুরে ২০০৮ সালের ১১ জুন তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২২ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। এরপর অধিকতর তদন্তে খালেদা জিয়ার ছেলে তারেক রহমান, আলী আহসান মুজাহিদ, হারিছ চৌধুরীসহ আরো ৩০ জন আসামির তালিকায় যোগ হন। তাদের বিরুদ্ধে গত বছরের ৩ জুলাই অভিযোগপত্র দেন সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহ্হার আকন্দ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৬০৫ ঘ.