২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইলিয়াস আলীর পিস্তল ছিল স্বৈরাচারের বিরুদ্ধে’

এম ইলিয়াস আলীর বিরুদ্ধে সন্ত্রাসী তৎপরতার যে অভিযোগ সরকারি দলের নেতারা করেছেন, তার জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ’৮০ এর দশকে স্বৈরাচারের বিরুদ্ধে লড়েছিলেন বর্তমানে বিএনপির এই নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2012, 10:31 AM

Updated : 24 Aug 2022, 11:14 AM

ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এম ইলিয়াস আলীর বিরুদ্ধে সন্ত্রাসী তৎপরতার যে অভিযোগ সরকারি দলের নেতারা করেছেন, তার জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ’৮০ এর দশকে স্বৈরাচারের বিরুদ্ধে লড়েছিলেন বর্তমানে বিএনপির এই নেতা। ইলিয়াস আলীর সন্ধান দাবিতে বুধবার ‘৯০ এর ছাত্র নেতৃবৃন্দ’ ব্যানারে এক ছাত্রগণজমায়েতে এই কথা বলেন তিনি। জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত ওই সমাবেশে ৯০ এর ছাত্রনেতাদের মধ্যে তাদেরই দেখা গেছে, যারা বর্তমানে বিএনপির সঙ্গে যুক্ত। সাবেক ছাত্রনেতাদের মধ্যে ছিলেন শামসুজ্জামান দুুদু, আসাদুজ্জামান রিপন, আমানউল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, মোস্তাফিজুর রহমান বাবুল, ফজলুল হক মিলন, খায়রুল কবির খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবুল খায়ের ভূঁইয়া, আসাদুজ্জামান আসাদ, শিরিন সুলতানা, হেলেন জেরিন খান প্রমুখ। ইলিয়াস আলী সম্পর্কে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফের বক্তব্যের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল বলেন, “স্বৈরাচারের বিরুদ্ধে ইলিয়াস আলী গণতন্ত্রের জন্য জীবনবাজি রেখে লড়াই করেছেন। সে সময়ে হানিফ সাহেব কী করতেন, জানি না। “আজ তিনি (হানিফ) ইলিয়াস আলীর পরিচয় দিয়েছেন পিস্তল ইলিয়াস হিসেবে। আমি তাকে বলতে চাই, ইলিয়াস আলী ওই সময়ে স্বৈরাচারের বিরুদ্ধে পিস্তল ব্যবহার করেছেন। তিনি গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছেন। এজন্য হানিফ সাহেবদের কাছে ইলিয়াস ভীতির কারণ হয়ে আছে।” কয়েকদিন আগে ইলিয়াস প্রসঙ্গে কথা বলতে গিয়ে এরশাদ গঠিত নতুন বাংলা ছাত্র সমাজের সঙ্গে তার সম্পৃক্ততা এবং এরশাদবিরোধী আন্দোলনে নিহত রাউফুন বসুনিয়া হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততা তুলে ধরেছিলেন হানিফ। নতুন বাংলা ছাত্রসমাজের নেতা ইলিয়াস পরে বিএনপি সমর্থিত ছাত্রদলে যোগ দেন এবং সংগঠনের সাধারণ সম্পাদকও হন। তবে খালেদা জিয়ার প্রথম সরকারের শুরুর দিকেই ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলে দুই কর্মী নিহত হওয়ার পর গ্রেপ্তার হন তখনকার সাধারণ সম্পাদক ইলিয়াস। এরপর রিজভী আহমেদ-ইলিয়াস আলী নেতৃত্বাধীন ওই কমিটি ভেঙে দেওয়া হয়। আট দিন ধরে নিখোঁজ ইলিয়াস আঈকে খুঁজে বের করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে ফখরুল বলেন, “আমাদের নেত্রী সরকারকে এক্সজিটের রাস্তা করে দিতে চার দিন সময় দিয়েছেন। যদি এই সময়ের মধ্যে ইলিয়াস আলীকে সরকার ফিরিয়ে না দেয়, তাহলে রোববার থেকে দেশে যে আগুন জ্বলবে, সেই আগুন নেভানোর শক্তি আপনাদের (সরকার) থাকবে না।” ইলিয়াস আলীর সন্ধান দাবিতে আন্দোলনে ছাত্রসমাজকে রাজপথে নেমে আসারও আহ্বান জানান বিএনপি নেতা। ইলিয়াসের সন্ধান দাবির এই কর্মসূচিতে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির খুনি গ্রেপ্তার না হওয়ায়ও ক্ষোভ প্রকাশ করেন ফখরুল। তিনি বলেন, “খুব খারাপ লাগছে, আদালতের নির্দেশে আবার তাদের লাশ কবর থেকে তোলা হচ্ছে। অথচ হত্যাকারীদের এতদিনেও খুঁজে পায়নি সরকার। এই হচ্ছে সরকারের রাষ্ট্র পরিচালনার নমুনা।” এদিকে বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াসের সন্ধান দাবিতে বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বিএনপি সমর্থক সংগঠন স্বাধীনতা ফোরাম। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেন, “ইলিয়াস আলীকে ফেরত না দিলে যে আন্দোলনের সূচনা হবে, তা কেউ রুখতে পারবে না।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমআই/১৬৩০ ঘ.