২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো ৭ বিএনপি কর্মীর জামিন

এম ইলিয়াস আলীর ‘খোঁজ’ চেয়ে ডাকা হরতালের সময় গ্রেপ্তার আরো সাত বিএনপি কর্মী জামিন পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2012, 07:00 AM

Updated : 24 Aug 2022, 11:14 AM

ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এম ইলিয়াস আলীর ‘খোঁজ’ চেয়ে ডাকা হরতালের সময় গ্রেপ্তার আরো সাত বিএনপি কর্মী জামিন পেয়েছেন। বুধবার শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম আব্দুল কাদের তাদের জামিন মঞ্জুর করেন। জামিনপ্রাপ্তরা হলেন- সুলতানা আহমেদ, সানজিদা আক্তার, আমেনা খাতুন, সাদিয়া হক, মমতাজ, জাবেদা আক্তার ও শিরিন। তাদের আইনজীবী বোরহান উদ্দিন জানান, সোমবার হরতালের সমর্থনে গুলশান এলাকায় মিছিল করার সময় বিএনপি নেত্রী সেলিমা রহমানের সঙ্গে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয় এই সাতজনকে। এই ১০ জনের বিরুদ্ধে অভিযোগ, তারা সংঘবদ্ধভাবে সরকারবিরোধী স্লোগান দিয়ে রাস্তা অবরোধ, গাড়ি ভাংচুর ও লুটপাটের চেষ্টা করেছিলেন। মঙ্গলবার সেলিমা রহমানসহ আরো দুই নারী কর্মী জামিন পেলেও এই সাতজনের বিষয়ে শুনানির জন্য বুধবার দিন রাখা হয়। বোরহান উদ্দিন জানান, জামিনপ্রাপ্তদের ১০ দিনের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে বলেছে আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/১২৫৫ ঘ.