ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ‘নিখোঁজ’ সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর পরিবারের সঙ্গে একান্তে কথা বলেছেন দলপ্রধান খালেদা জিয়া।
মঙ্গলবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনের পর তিনি ইলিয়াসের স্ত্রী তাহসিনা রুশদীর লুনা, ছেলে আবরাব ইলিয়াস, লিবাব সারার ও মেয়ে সাইয়ারা নাউয়ালকে নিজের কক্ষে নিয়ে কথা বলেন। এ সময় তিনি তাদের খবরাখবর জানতে চান।
সাইয়ারাকে কোলে নিয়ে খালেদা বলেন, “কেমন আছো মা-মণি।”
এ সময় ইলিয়াস আলীর স্ত্রী লুনাসহ ছেলেরা কান্নায় ভেঙে পড়ে। খালেদা জিয়াও আবেগপ্রবণ হয়ে তাদের সান্ত্বনা দেন।
তিনি বলেন, “এতো ভেঙে পড়লে চলবে না। আল্লাহ আমাদের সঙ্গে আছেন।”
এ সময়ে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সহসভাপতি সাদেক হোসেন খোকা ও প্রেস সচিব মারুফ কামাল খান উপস্থিত ছিলেন।
ইলিয়াসের সন্ধান দাবিতে টানা তিন দিনের সকাল-সন্ধ্যা হরতাল শেষে মঙ্গলবার সন্ধ্যায় ৭টায় খালেদার সংবাদ সম্মেলনেও ইলিয়াস আলীর স্ত্রী ও ছেলে-মেয়েরা উপস্থিত ছিলেন।
গত ১৭ এপ্রিল মধ্য রাত থেকে ইলিয়াস ‘নিখোঁজ’ বলে তার স্ত্রী দাবি। এ নিয়ে তিনি থানায় জিডি ও হাই কোর্টে রিট আবেদন করেছেন। ওই রাতেই ইলিয়াসের ব্যক্তিগত গাড়ি তার বনানীর বাসার কাছে আমতলীতে পরিত্যক্ত অবস্থা উদ্ধার করেছিল পুলিশ। ওই সময় থেকে গাড়ির চালক আনসার আলীও ‘নিখোঁজ’ বলে দাবি বিএনপির।
দলটি অভিযোগ করেছে, সরকারের ‘এজেন্সি ও র্যাবের লোকেরা’ তাদের তুলে নিয়ে গেছে।
সরকার তা উড়িয়ে দিয়ে বলেছে, এটি বিএনপির সাজানো ‘নাটক’।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২২১৫ ঘ.
bdnews24