২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির মামলায় অব্যাহতি মির্জা আজমের

জরুরি অবস্থার সময় ২০০৮ সালে দায়ের করা সম্পত্তির তথ্য গোপনের মামলা থেকে অব্যাহতি পেয়েছেন যুবলীগের সাধারণ সম্পাদক মির্জা আজম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2012, 11:53 AM

Updated : 24 Aug 2022, 11:14 AM

ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি অবস্থার সময় ২০০৮ সালে দায়ের করা সম্পত্তির তথ্য গোপনের মামলা থেকে অব্যাহতি পেয়েছেন যুবলীগের সাধারণ সম্পাদক মির্জা আজম। মঙ্গলবার এই মামলায় অভিযোগ গঠনের ধার্য দিনে সরকারি দলের এই নেতাকে অব্যাহতির আদেশ দেন ঢাকার ৮ নম্বর বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক বোরহান উদ্দিন আহমেদ। মির্জা আজমের আইনজীবী কাজী নজিবুল্লাহ হীরু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৮ সালের ১০ জানুয়ারি রমনা মডেল থানায় মির্জা আজম ও তার স্ত্রী আলেয়া আজমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন এই মামলা করেছিল। মামলায় অভিযোগপত্র দেওয়ার সময় অব্যাহতি পান আলেয়া আজম। মির্জা আজমের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল, তিনি আয়ের সঙ্গে সঙ্গতিহীন ৫৬ লাখ ২০ হাজার ২১৪ টাকার সম্পত্তি অর্জন করেন এবং এর মধ্যে ৩৪ লাখ ৮৪ হাজার ৬৭৫ টাকার সম্পত্তির তথ্য গোপন করেন। সম্পদের তথ্য চেয়ে দুর্নীতি দমন কমিশনের দেওয়া ওই নোটিসের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে এ মামলায় অব্যাহতি চেয়ে আবেদন করেন মির্জা আজম। জামিনে থাকা মির্জা আজম মঙ্গলবার আদেশের সময় আদালতে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৭৪৫ ঘ.