ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে তিন দিন হরতাল পালন শেষে উদ্ভূত পরিস্থিতি দেশবাসীর কাছে তুলে ধরতে এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানান তার প্রেসসচিব মারুফ কামাল খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ইলিয়াস আলীর নিখোঁজ ঘটনাসহ দেশের উদ্ভূত পরিস্থিতি সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীর কাছে তুলে ধরবেন বিরোধী দলীয় নেতা।”
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “ “দলের সাংগঠিক সম্পাদক ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার ঘটনাসহ দেশের সার্বিক পরিস্থিতি তিনি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে বিরোধীদলীয় নেতা বিস্তারিতভাবে দেশবাসীকে জানাবেন। পাশাপাশি তিনি পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।”
সাত দিনেও দলের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর সন্ধান না পাওয়ায় সারা দেশে মঙ্গলবার টানা তৃতীয় দিনের মতো হরতাল করছে বিএনপি।
এদিকে খালেদা জিয়ার সংবাদ সম্মেলন ইন্টারনেটের মাধ্যমে সরাসরি সম্প্রচার করবে বিএনপি।
দলের সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,www.bnplive.com- এ সংবাদ সম্মেলনের সম্প্রচার করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১৬৩০ ঘ.
bdnews24