ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এম ইলিয়াস আলীকে ‘ফিরিয়ে না দিয়ে’ সরকার দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সাংগঠনিক সম্পাদক ইলিয়াসের ‘সন্ধান’ দাবিতে টানা হরতালের তৃতীয় দিন সকালে অবরুদ্ধ বিএনপি কার্যালয়ের ভেতর থেকে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মঙ্গলবার সকালেও নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের দৃশ্যপট ছিল হরতালের আগের দুই দিনের মতো। ভোর থেকেই প্রধান ফটকের সমানে কলাপসিবল গেইট ঘেঁষে অবস্থান নেয় পুলিশ সদস্যরা। কাছেই দেখা যায় পুলিশ ভ্যান ও জলকামানের গাড়ি।
ভোরে কার্যালয়ের সামনে পুলিশি বেস্টনি ডিঙিয়ে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, “আমরা বলেছি, সরকার ইলিয়াস আলীকে তুলে নিয়ে গেছে। এখন তাকে ফিরিয়ে দেয়ার দায়িত্ব তাদেরই। নিখোঁজ ইলিয়াস আলীকে ফিরিয়ে না দিয়ে সরকার দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।”
সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া দেশের পরিস্থিতি তুলে ধরবেন জানিয়ে ফখরুল বলেন, “সংবাদ সম্মেলনে তিনি পরবর্তী কার্যক্রমও তুলে ধরবেন।”
এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সোমবার রাতে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া।
সাবেক সাংসদ ইলিয়াস আলী গত ১৭ এপ্রিল মধ্যরাত থেকে নিখোঁজ। ওই রাতে মহাখালীর একটি গলিতে তার গাড়ি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। তাকে ‘উদ্ধারে’ র্যাব গাজীপুরের পুবাইলে সন্দেহজনক কয়েকটি বাড়িতে অভিযান চালালেও পাওয়া যায়নি এই বিএনপি নেতাকে।
সরকার ইলিয়াস আলীকে ‘গুম’ করেছে- এমন অভিযোগে রোববার থেকে তিন দিন ধরে সারা দেশে হরতাল চালিয়ে আনছে বিএনপি। মির্জা ফখরুল এর আগে বলেছিলেন, ইলিয়াসকে পাওয়া না গেলে প্রয়োজনে ‘লাগাতার’ হরতাল চলবে।
সারাদেশে সর্বাত্মক হরতাল হচ্ছে দাবি করে মঙ্গলবার তিনি বলেন, “পুলিশ ও সরকারি দলের সন্ত্রাসীরা আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালাচ্ছে। তারপরও আমাদের কাছে খবর আসছে, সর্বত্রই হরতাল হচ্ছে।”
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান বাবুল, বেলাল আহমেদসহ কয়েকজন দলের কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করলেও ান্য কাউকে সেখানে ঢুকতে দিচ্ছে না পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১০১২ ঘ.
bdnews24