২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধী দলের অন্য উদ্দেশ্য রয়েছে: টুকু

ইলিয়াস আলীকে নিয়ে পরিস্থিতি ‘ঘোলাটে’ করে বিএনপি অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতা দখলের ষড়যন্ত্র করছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2012, 09:39 AM

Updated : 24 Aug 2022, 11:14 AM

ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইলিয়াস আলীকে নিয়ে পরিস্থিতি ‘ঘোলাটে’ করে বিএনপি অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতা দখলের পাঁয়তারা করছে বলে দাবি করছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। তিনি মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, “ইলিয়াস আলীকে উদ্ধারই তাদের একমাত্র ইস্যু নয়, বরং এসব কর্মসূচির পেছনে তাদের পরিকল্পিত পরিকল্পনা রয়েছে।” ইলিয়াস আলীর সন্ধানে তিন দিন ধরে বিএনপির হরতাল এবং নতুন কর্মসূচি ঘোষণার প্রতিক্রিয়ায় এই কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, “তারা জানে, গণতান্ত্রিকভাবে তাদের ক্ষমতায় যাওয়া সম্ভবপর নয়। এই অবস্থায় যত তাড়াতাড়ি সম্ভব, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায় (তারা)।” “যুদ্ধাপরাধী, ২১ আগস্ট গ্রেনেড হামলার আসামি এবং ১০ ট্রাক অস্ত্র মামলার আসামিদের রক্ষায় যত দ্রুত সম্ভব, তাদের পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়াই তাদের একমাত্র লক্ষ্য,” বলেন টুকু। শীর্ষ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের এক বৈঠকের পর প্রতিমন্ত্রী এ কথা বলেন। বৈঠকে পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ ছিলেন। হরতালে গাড়ি ভাংচুর ও পোড়ানোর উল্লেখ করে টুকু বলেন, “গোটা দেশে তারা সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে। তবে সরকার চায়, এ ঘটনায় আর যেন একটি প্রাণও না যায়।” বিএনপি নেতা ইলিয়াসকে উদ্ধারে সরকারের চেষ্টার কমতি নেই দাবি করে তিনি এ কাজে তথ্য দিয়ে সহযোগিতা করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী। ইলিয়াসকে সরকার গুম করেছে বলে বিরোধী দলের অভিযোগ নাকচ করে তিনি বলেন, “আমরা তার নিখোঁজের রহস্য উন্মোচনের চেষ্টা করে যাচ্ছি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৬০০ ঘ.