২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে তিন গাড়িতে আগুন

সারা দেশে টানা তৃতীয় দিনের হরতালের শুরুতেই রাজধানীর কারওয়ান বাজারে দুটি গাড়িতে আগুন দিয়েছে বিএনপি কর্মীরা, ভাংচুর করেছে বেশ কয়েটি গাড়ি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2012, 04:21 AM

Updated : 24 Aug 2022, 11:14 AM

ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারা দেশে টানা তৃতীয় দিনের হরতালের শুরুতেই রাজধানীর কারওয়ান বাজারে দুটি গাড়িতে আগুন দিয়েছে বিএনপি কর্মীরা, ভাংচুর করেছে বেশ কয়েটি গাড়ি। এছাড়া শের-ই-বাংলা নগরে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে একটি গাড়িতে আগুন দিয়েছে হরতালকারীরা। তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) নিপেন দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৬টার দিকে কারওয়ান বাজার এলাকায় হরতালকারীরা লাঠিসোটা নিয়ে রাস্তায় নেমে একটি প্রাইভেট কার ও একটি কভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা বেশ কয়েকটি গাড়িও ভাংচুর করে। তবে পুলিশ পৌঁছানোর আগেই আগুন নিভে যায় বলে জানান তিনি। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। শের-ই-বাংলা নগর থানার উপ-পরিদর্শক নিজামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১০টার দিকে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনের রাস্তায় দাঁড় করিয়ে রাখা একটি বাসে আগুন দেয় বিএনপির কর্মীরা। পরে পুলিশ এসে তা নেভায়। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি। বিএনপির ‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে গত রোববার থেকে সারা দেশে এই হরতাল চালিয়ে আসছে বিএনপি। মঙ্গলবারও নয়া পল্টনে বিএনপি কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ ও র‌্যাব। সকালে তল্লাশি চালানো হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহের বাসায়। মিরপুর, আজিমপুর, তেজগাঁওসহ বিভিন্ন এলাকায় ভোরে বিএনপি কর্মীরা ঝটিকা মিছিল করার চেষ্টা করলেও পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলের চেয়ারপার্সন খালেদা জিয়া সন্ধ্যায় তার গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন। এ সংবাদ সম্মেলন থেকেই তিনি পরবর্তী কর্মসূচি তুলে ধরবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচএ/এসআই/জেকে/১০১৫ ঘ.