ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোমবারের হরতালে পিকেটিংয়ের সময়ে ঢাকায় গ্রেপ্তার ৪১ জনের মধ্যে বিএনপির সহসভাপতি সেলিমা রহমানসহ নয় জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
সকালে গুলশান এলাকা থেকে সেলিমা রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। বিকালে তাকে আদালতে পাঠানো হলে ঢাকা মহানগর হাকিম মনিরুজ্জামান কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিএনপি নেতাদের আইনজীবী জয়নাল আবেদীন মেসবাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সেলিমাসহ অন্যদের পক্ষে জামিনের আবেদন হলেও তার শুনানির সুযোগ দেওয়া হয়নি।
বিষয়টি ঢাকার মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহাকে জানিয়েছেন আইনজীবীরা। জয়নাল আবেদীন বলেন, “মঙ্গলবার ওই আবেদনের শুনানি হবে বলে আমাদের আশ্বস্ত করা হয়েছে।”
তিনি আরো বলেন, তাদের এই মামলার কোনো কাগজপত্র ও প্রতিবেদন দেখার সুযোগও দেয়নি আদালত পুলিশ।
ইলিয়াস আলীর সন্ধানে দ্বিতীয় দিনের হরতালে মিছিল করার সময় গুলশান থেকে সেলিমা রহমানসহ ১০ জনকে আটক করে পুলিশ। এছাড়া পল্টন ও ঢাকা মেডিক্যাল কলেজের সামনে থেকে আটক হয় আরো পাঁচ জন।
গুলশানে সেলিমাদের সঙ্গে গ্রেপ্তার অন্যদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগর মহিলা দলের সভাপতি সুলতানা আহমেদ, সাবেক সংসদ সদস্য সাহিদা আক্তার রীতা, মহিলা দল নেত্রী জেবা খান ও আমেনা খাতুন।
সোমবার হরতালের সময় রাজধানীর বিভিন্ন স্থান থেকে ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে ঢাকা মহানগর পুলিশ জানায়।
অতিরিক্ত উপকমিশনার মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মতিঝিলে ২ জন, কোতায়ালিতে ১০ জন, পল্টনে ১২ জন, উত্তরায় ২ জন, শাহবাগে ১ জন এবং গুলশানে ১০ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে ২ জনকে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যান চলাচলে বাধা এবং অনুমতি ছাড়া মিছিল করার অভিযোগ আনা হয়েছে।
এছাড়া হরতাল চলাকালে রাজধানীর বিভিন্নস্থান থেকে সাতটি হাতবোমা উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এলএইচ/এইচএএইচ/এমআই/২১৪৫ ঘ.
bdnews24