২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিরোধের ‘ডাক’ আ. লীগের

এম ইলিয়াস আলীর ‘নিখোঁজ’ নিয়ে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে প্রতিরোধ গড়ে তুলতে দেশবাসীকে ডাক দিয়েছে ক্ষমতাসীন দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2012, 04:07 PM

Updated : 24 Aug 2022, 11:13 AM

সুমন মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ রাজনৈতিক প্রতিবেদক ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এম ইলিয়াস আলীর ‘নিখোঁজ’ নিয়ে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে প্রতিরোধ গড়ে তুলতে দেশবাসীকে ডাক দিয়েছে ক্ষমতাসীন দল। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত প্রধান সৈয়দা সাজেদা চৌধুরী সোমবার রাতে দেওয়া এক বিবৃতিতে ‘দেশে শান্তি ও জীবনযাত্রার স্বাভাবিকতা ফিরিয়ে আনতে এবং নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র’ রুখে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ সফরে থাকায় ক্ষমতাসীন দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী আওয়ামী লীগের ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পালন করছেন। বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে সরকারি সংস্থা গুম করেছে অভিযোগ তুলে বিরোধীদের চলমান হরতাল কর্মসূচির মধ্যে সরকারি দলের পক্ষ থেকে এই বিবৃতি দেওয়া হলো। বিবৃতিতে সাজেদা বলেন, “আমি শান্তি-শৃঙ্খলা ও জনগণের জানমালের নিরাপত্তা বিধানে দেশবাসীকে সব অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। “ইতিমধ্যে গত তিন দিনে একাধিক নিরাপরাধ মানুষ নিহত হয়েছেন। লক্ষ লক্ষ এইচএসসি পরীক্ষার্থীর শিক্ষা জীবন ব্যাহত হয়ে পড়েছে। বিপন্ন হয়ে পড়েছে জনগণের স্বাভাবিক জীবনযাত্রা।” ইলিয়াসের সন্ধান না মেলায় টানা দুদিন সকাল-সন্ধ্যা হরতালের পর মঙ্গলবার তৃতীয় দিনের মতো হরতাল ডেকেছে বিএনপি। সোমবার হরতাল চলাকালে সাবেক সংসদ সদস্য ইলিয়াসের নির্বাচনী এলাকা সিলেটের বিশ্বনাথে সহিংসতায় দুজন নিহত হয়। বিএনপির দাবি, পুলিশের গুলিতে মারা গেছে তারা। শনিবার রাজধানীতে বাসে অগ্নিসংযোগের ঘটনায় একজন চালক জীবন্ত দগ্ধ হয়ে মারা যান। রোববার সাভারে পিকেটারদের ভয়ে পালিয়ে যাওয়ার সময় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে সেই গাড়ির চালক মারা যান। আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃনাল কান্তি দাস স্বাক্ষরিত বিবৃতিতে সাজেদা বলেন, “দেশবাসী এই পরিস্থিতি আর মেনে নিতে পারে না। আমরা আর এই নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টায় নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারি না। “আমরা অসীম ধৈর্য, সহনশীলতা, মানবিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিচয় দিয়ে বলছি- এখন খালেদা জিয়া ও বিএনপি-জামায়াত জোটের সহিংস ঘটনা এবং পরিকল্পিত লাগামহীন ষড়যন্ত্রের ফলে দেশবাসীর ধৈর্য্যরে বাঁধ ভেঙে যেতে বসেছে।” বিএনপি নেতার ‘কথিত অন্তর্ধানকে’ কেন্দ্র করে সারাদেশে উদ্ভূত পরিস্থিতিতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন সাজেদা চৌধুরী। তিনি বলেন, “ইলিয়াস আলীর নিখোঁজ রহস্য উদ্ঘাটন এবং তাকে উদ্ধারের জন্য সরকার যখন সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে, তখন খালেদা জিয়া ও বিএনপি-জামায়াত জোট এই ঘটনাকে কেন্দ্র করে সারাদেশে এক চরম নৈরাজ্য ও রক্তাক্ত সন্ত্রাস সৃষ্টি অব্যাহত রেখেছে।” হরতালকে ‘অযৌক্তিক’ আখ্যায়িত করে সাজেদা বলেন, “উপর্যুপরি হরতাল দিয়ে একদিকে দেশের অর্থনীতিকে ধ্বংস এবং শ্রমজীবী মানুষের জীবন-জীবিকাকে দুর্বিষহ করে তুলছে। অন্যদিকে, সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে, আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালিয়ে এবং গুজব ছড়িয়ে উদ্দেশ্যমূলকভাবে দেশে অরাজক ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২২০৫ ঘ.