চট্টগ্রাম, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ‘নিখোঁজ’ সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে বিরোধীদলের ডাকা দ্বিতীয় দিনের হরতালে চট্টগ্রামে পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের কয়েক দফা সংঘর্ষ হয়েছে।
দুপুর ১২টার দিকে নগরীর নাসিমন ভবনে বিএনপি কার্যালয়ের সামনে দলের সমাবেশ চলার সময় একটি যাত্রীবাহী টেম্পু ভাংচুরের চেষ্টা চালায় পিকেটাররা। তাদের হামলায় টেম্পুচালক আহত হন।
এ ঘটনার পর পুলিশ বিএনপি কর্মীদের তাড়া করলে তারা পাল্টা ইট-পাটকেল নিক্ষেপ করে। এরপর পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
বিএনপি কর্মীরা সেখান থেকে সরে গেলেও সংঘর্ষ এরপর নগরীর কাজির দেউড়ি পর্যন্ত ছড়িয়ে পড়ে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তিন দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাসের শেল ছোড়ে।
বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকারসহ স্থানীয় কয়েকজন বিএনপি নেতা এ সময় সেখানে উপস্থিত ছিলেন।
বিএনপি নেতারা জানান, সংঘর্ষের সময় তাদের তিন কর্মীকে আটক করা হয়।
এর আগে সকালে নগরীর ইস্পাহানী মোড় ও কালা মিয়া বাজার এলাকা থেকে নগর মহিলা দলের সভানেত্রী ওয়ার্ড কাউন্সিলর মনোয়ারা বেগম মনিসহ ২০ জনকে আটক করেছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কিউএইচ/এসইউ/১৩৫৫ ঘ.
bdnews24