২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইলিয়াসকে ১২ ঘণ্টার মধ্যে ‘হাজির’ করার দাবি

বিএনপির ‘নিখোঁজ’ নেতা ইলিয়াস আলীকে আগামী ১২ ঘণ্টার মধ্যে সর্বোচ্চ আদালতে হাজির করার দাবি জানিয়েছেন সুপ্রিমকোর্টের বিএনপিন্থী আইনজীবীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2012, 06:41 AM

Updated : 24 Aug 2022, 11:14 AM

ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ‘নিখোঁজ’ নেতা ইলিয়াস আলীকে আগামী ১২ ঘণ্টার মধ্যে সর্বোচ্চ আদালতে হাজির করার দাবি জানিয়েছেন সুপ্রিমকোর্টের বিএনপিন্থী আইনজীবীরা। হরতালের সমর্থনে সোমবার হাইকোর্টের সামনে এক বিক্ষোভ শেষে সমাবেশ থেকে তারা এ দাবি জানান। সুপ্রিমকোর্টের বিএনপিপন্থী আইনজীবীরা বেলা ১১টার দিকে হরতালের সমর্থনে হাইকোর্টের সামনে বিক্ষোভ শুরু করেন। তারা মিছিল নিয়ে রাস্তায় যেতে চাইলে পুলিশ তাদের ঘেরাও করে রাখে। পরে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন আগামী ১২ ঘণ্টার মধ্যে ইলিয়াস আলীকে সর্বোচ্চ আদালতে হাজির করার দাবি জানান। অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদিন, আইনজীবী নিতাই রায় চৌধুরী ও আমিনুল ইসলাম এই সমাবেশে উপস্থিত ছিলেন। বিএনপির সাবেক সাংসদ ইলিয়াস আলী গত ১৭ এপ্রিল মধ্যরাত থেকে নিখোঁজ। ওই রাতে মহাখালীর একটি গলিতে তার গাড়ি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। তাকে ‘উদ্ধারে’ র‌্যাব গাজীপুরের পুবাইলে সন্দেহজনক কয়েকটি বাড়িতে অভিযান চালালেও পাওয়া যায়নি এই বিএনপি নেতাকে। ইলিয়াস আলীকে ‘গুমের’ প্রতিবাদে টানা দ্বিতীয় দিনের মতো হরতাল করছে বিএনপি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এসআই/১২২৫ ঘ.