ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এম ইলিয়াস আলীর ‘খোঁজ’ চেয়ে দেশজুড়ে টানা দ্বিতীয় দিনে বিএনপির হরতালে রাজধানীতে যানবাহন চলাচল কিছুটা বেড়েছে।
সোমবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে যাত্রীবাহী বাস, সিএনজি চালিত অটেরিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করতে দেখা গেছে। অফিসমুখী মানুষেরও ভীড় দেখা গেছে রাস্তায়।
প্রধান সড়কগুলোতে যাত্রাবাহী বেশকিছু রিকশাও চলাচল করতে দেখা যায়।
সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে ‘গুমের’ প্রতিবাদে রোববার থেকে সারাদেশে বিএনপির এই হরতাল শুরু হয়। রোববার দিনব্যাপী হরতালের পর বিকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দেন, সোমবারও সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল চলবে।
বিভিন্ন এলাকায় অবস্থান করা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদকরা জানান, রোববারের চেয়ে অধিক সংখ্যক গাড়ি সড়কে চলাচল করছে। দোকানপাটও খোলা রয়েছে রোববারের তুলনায় কিছুটা বেশি।
হরতালের প্রথম দিনের মতো সোমবারও নয়া পল্টনে বিএনপি কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ ও র্যাব।
কার্যালয়ের সামনে রাখা হয়েছে পুলিশ ভ্যান। কার্যালয়ের বিপরীত দিকে র্যাবের একটি দল অবস্থান নিয়েছে।
কিছুক্ষণ পর পর পলিশের রায়ট কার সাইরেন বাজিয়ে টহল দিচ্ছে। কাছাকাছি স্থানে জলকামানের গাড়িও দেখা গেছে।
ভোর থেকে দলের কার্যালয়ে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কেন্দ্রীয় নেতা শামসুজ্জামান দুদু, আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতারা কার্যালয়ের সামনে অবস্থান নেন।
রাজধানীর বিভিন্ন জায়গায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দিচ্ছে।
গুলশান, নয়া পল্টন ও ঢাকা মেডিকেলের সামনে থেকে আটক করা হয়েছে ১৫ বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীকে।
তবে মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয় এবং এর আশেপাশে সকাল থেকে জামায়াতের নেতাকর্মীদের দেখা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইএ/এএসটি/এফএফএস/এসএম/এসআই/আরএ/১০৫৫ ঘ.
bdnews24