ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছয় দিন পরও এম ইলিয়াস আলীর সন্ধান না মেলায় দেশজুড়ে টানা দ্বিতীয় দিনের মতো হরতাল করছে Ÿিএনপি।
হরতালের প্রথম দিনের মতো সোমবারও নয়া পল্টনে বিএনপি কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ ও র্যাব। ভোর ৬টায় হরতাল শুরুর কিছুক্ষণ আগে কার্যালয়ের সামনে একটি মিছিল বের করার চেষ্টা হলেও পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এ সময় পুলিশ বিএনপির চার কর্মীকে আটক করে নিয়ে যায় বলে দলের নেতারা জানান।
এছাড়া ছাত্রদল কর্মীরা সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজের সামনে মিছিল করার চেষ্টা করলে পুলিশ তাদের লাঠিপেটা করে সরিয়ে দেয়। এ সময় আটক করা হয় একজনকে।
সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে ‘গুমের’ প্রতিবাদে রোববার থেকে সারাদেশে বিএনপির এই হরতাল শুরু হয়। রোববার দিনব্যাপী হরতালের পর বিকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দেন, সোমবারও সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল চলবে।
এই হরতালকে কেন্দ্র করে গত তিন দিনে প্রায় এক ডজন গাড়ি পোড়ানো হয়। এতে দগ্ধ হয়ে মারা যান একজন। রোববার হরতাল চলাকালে রাজধানীর বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয় ৩১ জনকে।
হরতালে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও ট্রেন, বিমান ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। ঢাকার সড়কে কিছু বাস চলছে। চলছে টেম্পো ও অটো রিকশাও। অন্যান্য হরতালের মতো রাজপথে প্রচুর রিকশা রয়েছে। রোববারের তুলনায় যানবাহন ও লোকচলাচল দুটোই বেশি দেখা গেছে।
হরতালের কারণে চলমান এইচএসসির সোমবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এর আগে রোববারের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়।
হরতালে রাজধানীর অধিকাংশ দোকার-পাট বন্ধ রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানও কার্যত বন্ধ। তবে অফিস-আদালত খোলা রয়েছে।
সোমবার ভোর থেকে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের প্রধান ফটকের সামনের এলাকা ঘিরে ফেলে পুলিশ। কার্যালয়ের সামনে রাখা হয় পুলিশ ভ্যান। এছাড়া কার্যালয়ের বিপরীত দিকে অবস্থান নেয় র্যাবের একটি দল। কাছাকাছি স্থানে জলকামানের গাড়িও রয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কেন্দ্রীয় নেতা শামসুজ্জামান দুদু, আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান ভোরে কার্যালয়ে অবস্থান নেন। তবে শীর্ষ কয়েকজন নেতা ছাড়া অন্য কাউকে পুলিশ সেখানে ঢুকতে দেয়নি।
মির্জা ফখরুল বলেন, “ইলিয়াস আলীকে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আজকের মধ্যে তাকে ফিরিয়ে না দেওয়া হলে সন্ধ্যায় দলের নীতি নির্ধারণী বৈঠকের পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। তাই সরকারকে বলব, এখনো সময় আছে- ইলিয়াস আলীকে ফিরিয়ে দিন।”
সরকার বিএনিপর ‘শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক’ কর্মসূচিতে ‘পদে পদে’ বাধা দিচ্ছে অভিযোগ করে তিনি বলেন, “সরকারকে বলব, গণতন্ত্রকে সঠিক পথে চলতে দিন। অনিশ্চিয়তার পথে ঠেলে দেবেন না। এর পরিণতি শুভ ও কল্যণকর হবে না।”
হরতালের দ্বিতীয় দিনে পিকেটিং খুব একটা চোখে পড়েনি। বড় কোনো গোলযোগেরও খবর পাওয়া যায়নি।
এর আগে রোববার বিএনপির হরতালে বিক্ষিপ্ত বোমাবাজি হলেও সিলেট ছাড়া কোথাও বড় ধরনের গোলযোগ হয়নি।
গত ১৭ এপ্রিল মধ্যরাত থেকে নিখোঁজ বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী। তার বনানীর বাড়ির কাছে মহাখালীর একটি গলিতে তার গাড়ি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
তাকে উদ্ধারে গাজীপুরের পুবাইলে সন্দেহজনক কয়েকটি বাড়িতে অভিযান চালায় র্যাব, তবে তাকে পাওয়া যায়নি।
বিএনপি দাবি করছে, ইলিয়াসকে ‘গুম’ করেছে সরকার। তবে সরকারের পক্ষ থেকে এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলা হয়েছে, বিএনপি নেতাকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে।
এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইলিয়াস নিখোঁজের ঘটনা নিয়ে বিএনপি ‘নাটক’ করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১০২৫ ঘ.
bdnews24