২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাতে জ্যেষ্ঠ নেতাদের ডেকেছেন খালেদা

ইলিয়াস আলী নিখোঁজের ঘটনায় পরবর্তী কর্মসূচি ও করণীয় ঠিক করতে জাতীয় স্থায়ী কমিটি এবং জ্যেষ্ঠ নেতাদের বৈঠকে ডেকেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2012, 09:06 AM

Updated : 24 Aug 2022, 11:13 AM

ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইলিয়াস আলী নিখোঁজের ঘটনায় পরবর্তী কর্মসূচি ও করণীয় ঠিক করতে জাতীয় স্থায়ী কমিটি এবং জ্যেষ্ঠ নেতাদের বৈঠকে ডেকেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। সোমবার রাত ৮টায় গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে এই বৈঠক হবে বলে জানান তার প্রেসসচিব মারুফ কামাল খান। তিনি বলেন, দলের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী গত ১৭ এপ্রিল রাত থেকে নিখোঁজ। এভাবে ‘গুম’ হয়ে যাওয়ায় পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা এবং করণীয় ঠিক করতে এই বৈঠক ডাকা হয়েছে। বিএনপির সাবেক সাংসদ ইলিয়াস আলী গত ১৭ এপ্রিল মধ্যরাত থেকে নিখোঁজ। ওই রাতে মহাখালীর একটি গলিতে তার গাড়ি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। তাকে ‘উদ্ধারে’ র‌্যাব গাজীপুরের পুবাইলে সন্দেহজনক কয়েকটি বাড়িতে অভিযান চালালেও পাওয়া যায়নি এই বিএনপি নেতাকে। ইলিয়াস আলীকে ‘গুমের’ প্রতিবাদে টানা দ্বিতীয় দিনের মতো সোমবার হরতাল করছে বিএনপি। রাতে বৈঠকের আগে সন্ধ্যায় বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া বনানীতে ইলিয়াস আলীর বাসায় যাবেন বলে জানান প্রেসসচিব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১৪৫৬ ঘ.