ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের আগের দিন শনিবার সারা দেশে দেড়শর বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে বিএনপি।
এছাড়া পুলিশ ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ‘সশস্ত্র’ কর্মীদের হামলায় ছয়শ’র বেশি নেতা-কর্মী আহত হয়েছে বলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেন।
শনিবার সন্ধ্যায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “হরতাল সামনে রেখে গ্রেপ্তারের পাশাপাশি সারা দেশে নেতা-কর্মীদের বাড়িতে-বাড়িতে তল্লাশি চালিয়ে ভয় দেখানো হচ্ছে।”
বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে সরকারের এজেন্সি ‘গুম’ করেছে দাবি করে রিজভী বলেন, “ইলিয়াস আলীকে ফিরে পেতে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে এখন পুলিশ ও আওয়ামী লীগের ক্যাডাররা হামলা চালাচ্ছে। এর মাধ্যমে সরকারের পৈশাচিক চেহারা ফুটে উঠেছে।”
ইলিয়াস আলীকে ফেরত না দেওয়া হলে চলমান আান্দোলন আরো কঠিন হবে বলেও হুমকি দেন তিনি।
রিজভী বলেন, শনিবার জেলা ও মহানগরের বিভিন্ন ওয়ার্ডে বিক্ষোভ মিছিলের কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে। অনেক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজধানীর নিউমার্কেট, শ্যামপুর, কদমতলী, শান্তিনগর ও উত্তরাসহ বিভিন্ন স্থান থেকে ৭০ জনের বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন তিনি।
রিজভী বলেন, ঢাকা, কিশোরগঞ্জ, পিরোজপুর, নারায়ণগঞ্জ, মাগুরা, রাজবাড়ী, গাজীপুর, ঝিনাইদহ, মুন্সিগঞ্জ, পটুয়াখালী, বরগুনা, সাতক্ষীরা, জামালপুর, ফরিদপুর, মাদারীপুর, বাগেরহাট জেলায় বিএনপির মিছিলে পুলিশ ও আওয়ামী লীগের কর্মীরা হামলা চালিয়েছে।
তিনি বলেন, “৯০-এর ছাত্র নেতাদের ডাকে আগামী ২৪ এপ্রিল সকালে জাতীয় প্রেস ক্লাবে ছাত্র-গণ জমায়েত হবে।”
এটি আগে ২৫ এপ্রিল কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়েছিল।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে দলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া, নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল ও বেলাল আহমেদ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএইচ/পিডি/২১৪৫ ঘ.
bdnews24