২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘দলীয় সরকারের অধীনে নির্বাচনে সমস্যা অবিশ্বাস’

রাজনৈতিক দলগুলো পরস্পরকে বিশ্বাস করে না বলেই দেশে দলীয় সরকারের অধীনে নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2012, 12:21 PM

Updated : 24 Aug 2022, 11:13 AM

চট্টগ্রাম, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক দলগুলো পরস্পরকে বিশ্বাস করে না বলেই দেশে দলীয় সরকারের অধীনে নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ। শনিবার দুপুরে চট্টগ্রাম নগরীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে এক সেমিনারে তিনি বলেন, “এক রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলকে বিশ্বাস করে না বলে দলীয় সরকারের অধীনে এখনো এদেশে নির্বাচন সম্ভব নয় যা উন্নত দেশে সম্ভব হয়েছে। “বিএনপি অন্তবর্তীকালীন বা অন্য কোনো পদ্ধতির সরকারের অধীনে ভবিষ্যতে নির্বাচনে যাবে না।” আওয়ামী লীগের সমালোচনা করে সাবেক আইনমন্ত্রী মওদুদ বলেন, “বাংলাদেশে যত সংকট তার মূল কারণ একদলীয় শাসন যা আওয়ামী লীগ করেছিল তিয়াত্তরের নির্বাচনের পর। তাদের মধ্যে সহনশীলতা নেই, বিরোধী দলকে সহ্য করতে পারে না। “আওয়ামী লীগ সমালোচনাও সহ্য করতে পারে না,” বলেন তিনি। এখন আওয়ামী লীগের ‘একদলীয় শাসনের’ প্রয়োজন নেই মন্তব্য করে মওদুদ বলেন, “প্রশাসন, বিচার বিভাগ, আর্মি, পুলিশ সব তাদের হাতে। গণতন্ত্র এখন স্বৈরাচারে পরিণত হয়েছে। “তাদের অধীনে কোনো নির্বাচনে বিএনপি যাবে না।” বিজিএমইএ ভবনের মাহবুব আলী মিলনায়তনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে বিএনিপর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খান, আবদুল্ল¬াহ আল নোমান, নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীও বক্তব্য দেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম আয়োজিত এ সেমিনারে সভাপতি হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চবি রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ ন ম মুনীর আহমদ চৌধুরী। গত বছরের ৩০ জুন পঞ্চদশ সংবিধান সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হওয়ার পর থেকে তা পুনর্বহালের দাবি জানিয়ে আসছে বিএনপি। এ ব্যবস্থা ফিরিয়ে আনতে ইতিমধ্যে আগামী ১০ জুন পর্যন্ত সরকারকে সময়ও বেঁধে দিয়েছে দলটি। সংশোধন অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন বর্তমান সরকারের মেয়াদের শেষ ৯০ দিনে ‘অন্তবর্তী সরকারের’ অধীনে হওয়ার কথা। সংবিধানের ত্রয়োদশ সংশোধনীতে বলা হয়েছিল, জাতীয় সংসদ নির্বাচন হবে সরকারের মেয়াদ শেষ হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। দেশে গত তিনটি সংসদ নির্বাচন এ ব্যবস্থায় হয়; যদিও সর্বশেষ নির্বাচনটি নির্বাচিত সরকারের মেয়াদ শেষের পরবর্তী ৯০ দিনে হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/১৮২১ ঘ.