ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার মতো ‘প্রমাণিত দুর্নীতিবাজদের’ মুখে সুরঞ্জিত সেনগুপ্তের বিরুদ্ধে অভিযোগ তোলা মানায় না বলে মন্তব্য করেছেন পরিবেশ ও বনমন্ত্রী।
তিনি বলেছেন, এ ধরনের অভিযোগ তোলার আগে বিএনপি চেয়ারপার্সন ও তার দুই ছেলের রাজনীতি থেকে সরে যাওয়া উচিত।
বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ এসব কথা বলেন।
ব্যক্তিগত সহকারীর ‘অর্থ কেলেঙ্কারীর’ দায় নিয়ে গত সোমবার রেলমন্ত্রী থেকে পদত্যাগের ঘোষণা দিলেও সুরঞ্জিত সেনগুপ্তকে দপ্তরবিহীন মন্ত্রী হিসেবে রেখেছেন প্রধানমন্ত্রী।
হাছান মাহমুদ বলেন, “ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত যাতে প্রভাবিত না হয় সেজন্য সুরঞ্জিত সেনগুপ্তের মতো একজন বড় নেতাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
“অথচ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকো এবং দলটির নেতা ও সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমেদ প্রমাণিত দুর্নীতিবাজ। তাই তাদের রাজনীতি থেকে সরে যাওয়া উচিত।”
বনমন্ত্রী বলেন, “খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে তার এপিএস শামসুল আলমের বিরুদ্ধে সাড়ে পাঁচ কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠলে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু সে সময় খালেদা জিয়া প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াননি।”
খালেদা জিয়া কালো টাকা সাদা করার মাধ্যমে আত্মস্বীকৃত দুর্নীতিবাজ হিসেবে আয়কর বিভাগের খাতায় নাম লিখিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপি চেয়ারপার্সনের বড় ছেলে তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির মামলা বিচারধীন রয়েছে। এ ছাড়া অর্থপাচার মামলায় ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ছয় বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। তারা দুই জনই পলাতক রয়েছেন।
‘রাষ্ট্রপতির অনুকম্পায় মুক্তি পান মওদুদ’
বিএনপি নেতা মওদুদ আহমেদের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, সুরঞ্জিতকে জড়িয়ে দুর্নীতির কথা বলা তার পক্ষে শোভা পায় না।
“কারণ এই মওদুদ সাহেব আশির দশকে দুর্নীতির জন্য অভিযুক্ত হয়ে পরে রাষ্ট্রপতির অনুকম্পায় মুক্তি পান। পরে এরশাদ তাকে মন্ত্রিত্ব দেন। আবার গত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ভিন্ন ভিন্ন স্বাক্ষরে তার ২০টি ব্যাংক হিসাবের সন্ধান পাওয়া যায়। কাজেই তার মুখে এ ধনের কথা মানায় না।”
দুর্নীতির বিষয় আগেই প্রমাণিত হওয়ায় সবার আগে তাদের রাজনীতি থেকে সরে যাওয়া উচিত বলে মন্তব্য করেন মন্ত্রী।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে হাছান মাহমুদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে দেখা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএইচ/এএল/১৯৩৮ ঘ.
bdnews24