২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘটনা অত্যন্ত দুঃখজনক: হানিফ

সুরঞ্জিত সেনগুপ্তের সহকারীর গাড়িতে টাকা পাওয়ার ঘটনাটিকে দুঃখজনক বললেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাতে চাচ্ছে না আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2012, 02:02 PM

Updated : 24 Aug 2022, 11:09 AM

ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সহকারীর গাড়িতে অর্থ পাওয়ার ঘটনাটিকে ‘অত্যন্ত দুঃখজনক’ বললেও এই বিষয়ে এখনি কোনো প্রতিক্রিয়া জানাতে রাজি নয় আওয়ামী লীগ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানানো যাচ্ছে না, ঘটনার দুদিন পর বৃহস্পতিবার বলেছেন ক্ষমতাসীন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ। আওয়ামী লীগের ধানমণ্ডির কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “গত দু’দিন আগের এই খবরটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। এর তদন্ত হচ্ছে। তদন্তের পরই আমরা আমাদের সিদ্ধান্ত জানাব।” একটি সভার পর সংবাদ ব্রিফিংয়ে সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের পরিবর্তে আসেন হানিফ। দলের পক্ষ থেকে হানিফ এই বিষয়ে বক্তব্যে সতর্ক অবস্থান নিলেও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ নাসিম বৃহস্পতিবারই বলেছেন, দুই-এক জনের জন্য দলের ভাবমূর্তি ক্ষুন্ন হতে দেওয়া যাবে না। সোমবার রাতে রেলমন্ত্রীর এপিএস ওমর ফারুক তালুকদারকে বহনকারী একটি গাড়ি থেকে ৭০ লাখ টাকা পাওয়ার খবর প্রকাশ হওয়ার পর থেকে তা নিয়ে ব্যাপক শোরগোল চলছে। রেল মন্ত্রণালয় দুটি তদন্ত কমিটিও করেছে। ফারুকের সঙ্গে ওই গাড়িতে রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) ইউসুফ আলী মৃধাও ছিলেন। সংবাদ মাধ্যমের খবর, রেলওয়ের নিয়োগের জন্য ঘুষ হিসেবে ওই বিপুল পরিমাণ টাকা নেওয়া হয়েছিল। সমালোচনার মধ্যে বুধবার ওমর ফারুককে সাময়িক বরখাস্ত করেন দীর্ঘ রাজনৈতিক জীবনে এই প্রথম মন্ত্রী হওয়া আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় আওয়ামী লীগে সংস্কারের দাবি তুলে কর্মী-সমর্থকদের সমালোচনার মুখে পড়া সুরঞ্জিত দাবি করেছেন, তিনি চক্রান্তের শিকার। তদন্তের আগেই সংবাদ মাধ্যমে সুরঞ্জিত সেনগুপ্তকে নিয়ে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনকেও ‘দুঃখজনক’ আখ্যায়িত করে হানিফ বলেন, “যার বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার রয়েছে। তার সম্পর্কে যা বলা হচ্ছে, তা আমরা বিশ্বাস করি না।” অর্থ নিয়ে এপিএস ফারুক রেলমন্ত্রীর বাড়িতে যাচ্ছিলেন- সংবাদপত্রে প্রকাশিত এই বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, “তদন্ত হচ্ছে। কার টাকা, কোথা থেকে আসলো, তা জানলেই আমরা আমাদের সিদ্ধান্ত জানাব। তদন্ত করে সঠিক বক্তব্য না পাওয়ার আগে পর্যন্ত মন্তব্য করা ঠিক হবে না।” ওই অর্থ রেলমন্ত্রীর কাছেই যাচ্ছিল- এই তথ্য ঠিক নয় বলে দাবি করছেন কি না- জানতে চাইলে তিনি বলেন, “সঠিক বা বেঠিক বলতে চাই না। তদন্ত প্রতিবেদন আসা পর্যন্ত অপেক্ষা করুন।” প্রয়োজনে দলের পক্ষ থেকে তদন্ত করা হবে বলে জানান হানিফ। তবে এর বিচার বিভাগীয় তদন্তে বিরোধী দলের দাবি প্রত্যাখ্যান করেন তিনি। অর্থ কেলেঙ্কারির অভিযোগ উঠলে প্রতিবেশী দেশগুলোতেও মন্ত্রীদের পদত্যাগের বহু দৃষ্টান্ত থাকার বিষয়টি তুলে ধরলে হানিফ বলেন, “উন্নত দেশে অনেক কালচার আছে, আমাদের দেশে নেই। নেতিবাচকভাবে গ্রহণ করা হবে বলেই আমাদের দেশে পদত্যাগ করে না।” ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র ও কমিশনার প্রার্থীর ক্ষেত্রে দলীয় সমর্থনের বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে আসেন হানিফ। নির্বাচন প্রসঙ্গে হানিফ বলেন, “এই নির্বাচনকে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছি। কাউন্সিলর পদে সৎ ও যোগ্য প্রার্থীকে সমর্থন দিতে স্ব স্ব থানাকে নির্দেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে স্থানীয় সংসদ সদস্যরা সহায়তা দেবে।” ঢাকা মহানগরীতে দলের কার্যক্রম আরো গতিশীল করতেও সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২১৪০ ঘ.