২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর পদত্যাগ করা উচিত: ফখরুল

পদ্মা সেতু প্রকল্প ও রেলমন্ত্রীর সহকারী একান্ত সচিবের গাড়িতে টাকা পাওয়ার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2012, 01:57 PM

Updated : 24 Aug 2022, 11:09 AM

ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্প ও রেলমন্ত্রীর সহকারী একান্ত সচিবের গাড়িতে টাকা পাওয়ার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে বিএনপি। দলের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার বলেন, “পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির প্রমাণ পেয়েছে বিশ্ব ব্যাংক। মন্ত্রীর এপিএস’র গাড়িতে ৭০ লাখ টাকা পাওয়া গেছে।” “এসব দুর্নীতির সঠিক ব্যাখ্যা দিতে না পারলে দায় স্বীকার করে প্রধানমন্ত্রীর পদত্যাগ করা উচিৎ।” পাশাপাশি ‘নৈতিক কারণে’ রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের পদত্যাগ করা উচিৎ বলে মন্তব্য করেন তিনি। বুধবার বিকালে বিএনপির উদ্যোগে এক সমাবেশে এ কথা বলেন তিনি। এর আগেও পদ্মা সেতুর ‘দুর্নীতির’ কারণে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করে বিএনপি। নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ‘চার দল ও সমমনা দল’-এর উদ্যোগে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ করে বিএনপি। সোমবার গভীর রাতে রাজধানীর জিগাতলা মোড়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরের মূল ফটকের কাছে রেলমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) ওমর ফারুককে বহনকারী গাড়ি আটক করে ৭০ লাখ টাকা পাওয়া যায়। এই বিপুল পরিমাণ টাকা পাওয়ার খবরের পর রেলপথ মন্ত্রণালয় দুটি তদন্ত কমিটি গঠন করে। গাড়িতে টাকা পাওয়া প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল বলেন, “তিন বছরে তাদের লুটপাট ও দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, মন্ত্রীর সহকারীর গাড়িতেও বস্তায় বস্তায় টাকা পাওয়া যায়। “তাই সরকারের উচিৎ এসব দুর্নীতির দায় স্বীকার করে নিয়ে দ্রুত পদত্যাগ করা।” সুরঞ্জিত সেনগুপ্তকে উদ্দেশ করে তিনি বলেন, “আপনার সহকারীর গাড়িতে লাখ লাখ টাকা পাওয়া গেছে। এর দায় আপনি এড়াতে পারবেন না। তাই নৈতিক কারণে হলেও আপনার পদত্যাগ করা উচিৎ।” বিএনপির মিত্র লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রধান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদও রেলমন্ত্রীর পদত্যাগ দাবি করেন বুধবার। একইসঙ্গে রেলমন্ত্রীকে গ্রেপ্তারের দাবিও জানান। পদ্মা সেতু প্রকল্পে ‘দুর্নীতির প্রমাণ’ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “বিশ্ব ব্যাংক তদন্ত করে একটি কানাডিয়ান কোম্পানিকে ওই প্রকল্পের দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার প্রাথমিক প্রমাণের ভিত্তিতে কালো তালিকা ভুক্ত করেছে। এ থেকে প্রমাণ হয়েছে পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি হয়েছে। “প্রধানমন্ত্রী এতো দিনে বলে এসেছেন, পদ্মা সেতু প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি। আজ তার ওই বক্তব্য মিথ্যা প্রমাণ হয়েছে।” পদ্মা সেতু প্রকল্পে অর্থয়ানে চুক্তি করলেও গত সেপ্টেম্বরে দুর্নীতির অভিযোগ তুলে অর্থছাড় স্থগিত করে বিশ্ব ব্যাংক। প্রকল্প সংশ্লিষ্ট কানাডীয় প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনকে কেন্দ্র করে ওই দুর্নীতির অভিযোগ ওঠে। প্রতিষ্ঠানটির একটি ইউনিটের বিশ্ব ব্যাংকের কোনো প্রকল্পে অংশ নেওয়ায় বিশ্ব ব্যাংক নিষেধাজ্ঞা দেয় চলতি সপ্তাহে। দেশের অর্থনৈতিক পরিস্থিতিকে নাজুক অভিহিত করে সরকারি লোকজনকে নতুন নয়টি ব্যাংক স্থাপনের অনুমতি দেওয়ারও সমালোচনা করেন বিএনপির মুখপাত্র। তিনি বলেন, “একটি ব্যাংক স্থাপন করতে চারশ কোটি টাকা জামানত দিতে হয়। কীভাবে ক্ষমতাসীনরা তিন বছরে এতো হাজার হাজার কোটি টাকা উপার্জন করলো তা দেশের মানুষ জানতে চায়।” গত সপ্তাহের শেষ দিকে তিনটি অনবাসী বাংলাদেশি ব্যাংক এবং চলতি সপ্তাহের শুরুতে আরো ছয়টি বেসরকারি ব্যাংক প্রতিষ্ঠায় অনুমতি দেয় কেন্দ্রীয় ব্যাংক। অনাবাসী বাংলাদেশি ব্যাংক ছাড়া বাকিগুলোর উদ্যোক্তা ক্ষমতাসীন জোটের কয়েকজন নেতা। মহানগর বিএনপির আহবায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার, কর্ম পরিষদের সদস্য আবদুল্লাহ মো. তাহের, হামিদুর রহমান আযাদ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব শামীম আল মামুন, খেলাফত মজলিশের মহাসচিব আহমেদ আবদুল কাদের প্রমুখ, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ নেতারা বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৯৫৫ ঘ.