ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেলমন্ত্রীর সহকারী একান্ত সচিবের গাড়িতে ‘বিপুল পরিমাণ’ টাকা পাওয়ার ঘটনায় সুরঞ্জিত সেনগুপ্তের পদত্যাগের পাশাপাশি তার গ্রেপ্তার দাবি করেছেন অলি আহমদ।
বুধবার এক অনুষ্ঠানে বিএনপির মিত্র লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রধান অবসরপ্রাপ্ত কর্নেল অলি বলেন, “দেশে দুর্নীতির বিস্তার আজ সর্বকালের রেকর্ড ভঙ্গ করেছে। মন্ত্রীর এপিএস‘র গাড়িতে লাখ লাখ উৎকোচের টাকা পাওয়া যাচ্ছে।”
মন্ত্রী-এমপিদের অনেকের বিদেশে বাড়ি-ঘর-সম্পত্তি আছে মন্তব্য করে তিনি এর তদন্ত দাবি করেন।
সোমবার গভীর রাতে রাজধানীর জিগাতলা মোড়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরের মূল ফটকের কাছে রেলমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) ওমর ফারুককে বহনকারী গাড়ি আটক করে ৭০ লাখ টাকা পাওয়া যায়। এই বিপুল পরিমাণ টাকা পাওয়ার খবরের পর রেলপথ মন্ত্রণালয় দুটি তদন্ত কমিটি গঠন করে।
‘রেলমন্ত্রীর সহকারী ৭০ লাখ টাকা নিয়ে মন্ত্রীর বাসায় যাচ্ছিলেন’ দাবি করে অলি বলেন, “এ খবর প্রকাশের আগেই প্রধানমন্ত্রীর উচিৎ ছিল রেলমন্ত্রীকে পদত্যাগ করিয়ে তাকে গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া। কিন্তু তিনি তা করেননি।”
এভাবে দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জন করে তা বিদেশে পাচার করার ফলে ডলারের দাম বেড়েছে বলে মন্তব্য করেন তিনি।
অলি বলেন, “মন্ত্রিসভার দুয়েকজন মন্ত্রী ছাড়া সবাই টেস্ট রিলিফের গমের টাকার চুরি করছেন। সংসদ সদস্যরা ৭০/৮০ লাখ টাকায় বিলাস বহুল গাড়ি কিনছেন।
“কীভাবে তারা তিন বছরে এতো অর্থের মালিক হলেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) তা তদন্ত করা উচিৎ।”
“ক্ষমতাসীন দলের কমপক্ষে পাঁচশ জন সম্পদ-সম্পত্তি বিক্রি করে দিয়ে কানাডা ও অস্ট্রেলিয়াতে চিরদিনের জন্য পাড়ি দিয়েছে,” যোগ করেন অলি আহমদ।
জাতীয় প্রেস ক্লাবে ইয়ুথ ফোরাম নামে এক সংগঠনের উদ্যোগে ‘চলমান রাজনীতি, নিরপেক্ষ নির্বাচন, সরকারের ভূমিকা ও গণতন্ত্রের ভবিষ্যৎ’ শিরোনামে এক আলোচনা সভায় কথা বলছিলেন তিনি।
এ সময় তিনি সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের ‘কোনো বিচার না হওয়ায়’ ক্ষোভ প্রকাশ করেন।
অলি বলেন, “বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতি বিশেষ করে কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা সরকারের আত্বীয় স্বজনরা লুট করছে- এ তথ্য প্রকাশের প্রচেষ্টা নিতে গেলেই সাগর-রুনিকে হত্যা করা হয়েছে নির্মমভাবে।”
“খুনিরা নির্বিঘেœ বিমানে চড়ে দেশ থেকে পালিয়ে গেছে।”
“এ সরকারের আমলে এই খুনের কোনোদিন বিচার হবে না,” বলেন অলি।
গত ১১ ফেব্রুয়ারি সকালে সাগর-রুনির রাজধানীর রাজাবারের বাসা থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা হত্যাকাণ্ডের কারণ উদঘাটন করতে পারেনি পুলিশ।
গত ১১ ফেব্রুয়ারি মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার ও এটিএন বাংলা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি নিজের ঘরে খুন হয়।
সরকারবিরোধী আন্দোলন জোরদার করতে আগামী ১০ দিনের মধ্যে চারদলীয় জোট সস্প্রসারণের ঘোষণারও ইঙ্গিত দেন বিএনিপর প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ঘনিষ্ঠ বলে পরিচিত অলি আহমদ।
তিনি বলেন, “আগামীতে বিরোধী দল কী করবে, তা জানাতে আগামী ১০ দিনের মধ্যে জাতির সামনে বিরোধীদলীয় নেতা ঘোষণা দেবেন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৮৪২ ঘ.
bdnews24