২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সাহস থাকলে সম্পদের হিসাব দিন’

প্রধানমন্ত্রীসহ মন্ত্রীদের সম্পদের হিসাব দাবি করে এ কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2012, 07:32 AM

Updated : 24 Aug 2022, 11:09 AM

ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীসহ মন্ত্রীদের সম্পদের হিসাব দাবি করেছে প্রধান বিরোধী দল বিএনপি। মঙ্গলবার সকালে বিরোধী দলীয় সাংসদদের এক মানববন্ধন কর্মসূচিতে বিএনপির জ্যেষ্ঠ সাংসদ এম কে আনোয়ার সরকারের উদ্দেশ্যে বলেন, “নির্বাচনের আগে প্রতিশ্র“তি দিয়েছিলেন, ক্ষমতায় গেলে সম্পদের হিসাব দেবেন। আমরা দাবি করছি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের সম্পদের হিসাব জনসম্মুখে প্রকাশ করুন।’’ আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার দুর্নীতিতে ডুবে গেছে বলেও অভিযোগ করেন তিনি। বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় সংসদ প্রাঙ্গণে এই মানববন্ধন করেন বিরোধী দলীয় সাংসদরা। এতে বিএনপির ২৮ জন সাংসদ উপস্থিত ছিলেন। সাবেক মন্ত্রী ও দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন, “প্রধানমন্ত্রীকে বলব, আপনার সাহস থাকলে সম্পদের হিসাব দিন। তা না হলে জনগণ মনে করবে, আপনার ও আপনার আত্মীয় স্বজনরা যে সম্পদ গড়েছেন, তা দুর্নীতির মাধ্যমে হয়েছে।’’ অনুমোদন পাওয়া নতুন ৬ ব্যাংকের সঙ্গে সংশ্লিষ্টদের নাম উল্লেখ করে তিনি বলেন, “যাদের নতুন ব্যাংক দেওয়া হয়েছে, তাদের সম্পদের হিসাব কোথায়। কীভাবে তিন বছরে তারা এতো অর্থের মালিক হলেন। দেশের মানুষ তা জানতে চায়।’’ তারেক রহমানসহ খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে এম কে আনোয়ার বলেন, “এই সরকারের সময়ে আওয়ামী লীগ নিজেদের নেতাকর্মীদের নামে থাকা ৭ হাজার ৩১টি মামলা রাজনৈতিক বিবেচনার কথা বলে প্রত্যাহার করেছে। অন্যদিকে তারা বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিচ্ছে।” নিজেদের ব্যর্থতা ঢাকতেই সরকার দমননীতি গ্রহণ করেছে বলে অভিযোগ করেন তিনি। এই বিএনপি নেতা বলেন, আগামীতে তার দল ক্ষমতায় গেলে আওয়ামী লীগের প্রত্যাহার করা মামলাগুলো পুনরুজ্জীবিত করে নতুন করে বিচার করা হবে। পদ্মাসেতু নিয়ে অর্থমন্ত্রী ও যোগাযোগমন্ত্রীর দুই রকম বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, “পদ্মাসেতুতে দুর্নীতি হয়েছে বলে বিশ্বব্যাংক অর্থায়ন বন্ধ করে দিয়েছে। এখন সরকার মালয়েশিয়ার সঙ্গে চুক্তি সই করার কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে।” মঙ্গলবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের ও মালয়েশিয়া সরকারের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি দাতো সেরি স্যামি এস ভেলু পদ্মা সেতু নির্মাণে সমঝোতা স্মারকে সই করেন। অন্যদের মধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান অলি আহমেদ, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, বরকত উল্লাহ বুলু, মাহবুবউদ্দিন খোকন, আবুল খায়ের ভূঁইয়া, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সৈয়দ আসিফা আশরাফি পাপিয়া, শাম্মী আখতার, আমজাদ হোসেন মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন। এছাড়া বিএনপির সাংসদ মজিবুর রহমান সারওয়ার, জাফরুল ইসলাম চৌধুরী, আবদুল মমিন তালুুকদার খোকা, মুহাম্মদ মোশাররফ হোসেন, এ কে এম হাফিজুর রহমান, নুরুল ইসলাম মঞ্জু, নাজিম উদ্দিন আহমেদ, রেহানা আখতার রানু, নীলুফার চৌধুরী মনি, রাশেদা বেগম হীরা, শেখ সুজাত মিয়া মানববন্ধনে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৩২০ ঘ.