২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে উদ্বেগ বিএনপির

নরসিংদীতে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ছয় জনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিচারবিভাগীয় হত্যাকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2012, 10:51 AM

Updated : 24 Aug 2022, 11:06 AM

ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীতে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ছয় জনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিচারবিভাগীয় হত্যাকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। নরসিংদীর ঘটনার পরদিন মঙ্গলবার এক আলোচনা সভায় বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “সরকারের তিন বছরে হত্যা-গুমসহ আইনশৃঙ্খলার চরম অবনতিতে মানুষের নিরাপত্তা বলে কিছু নেই। “সাংবাদিক দম্পতি সাগর-রুনির খুনি এখনো ধরা পড়েনি। সৌদি দূতাবাসের কর্মকর্তার হত্যাকারীদের খুঁজে পাওয়া যায়নি। নরসিংদীতে সোমবার ছয় জনকে ক্রসফায়ারে হত্যা করা হয়েছে। এভাবে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চলছে।’’ জামায়াত-বিএনপি জোট সরকারের সময়ে গঠিত র‌্যাবের বিরুদ্ধে শুরু থেকেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ করে আসছে মানবাধিকার সংগঠনগুলো। মানবাধিকার সংগঠন অধিকারের পরিসংখ্যান অনুযায়ী, গত তিন মাসে দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে ৩১ জন, এর মধ্যে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে ১৭ জন। নরসিংদীতে সোমবার নিহত ছয় জন ছিনতাইকারী বলে র‌্যাবের দাবি। স্বাধীনতা দিবস উপলক্ষে কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে স্বেচ্ছাসেবক দলের ওই আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল বিভিন্ন দিক থেকে সরকারের সমালোচনা করেন। চারদলীয় সরকারের সাবেক প্রতিমন্ত্রী ফখরুল বলেন, “খালেদা জিয়া বাংলাদেশকে ইমার্জিং টাইগার বা উদীয়মান ব্যাঘ্র হিসেবে গড়ে তুলেছিলেন। আজ সরকারের নতজানু পররাষ্ট্র ও ভ্রান্ত নীতির কারণে বাংলাদেশ ডুবে যাচ্ছে।” এই অবস্থা থেকে পরিত্রাণে বর্তমান সরকারকে ক্ষমতা থেকে সরানোর বিকল্প নেই, বলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে বিএনপির মুখপাত্র বলেন, “দেশের মানুষ তার কথা বিশ্বাস করে না। তার বক্তব্যে প্র্রতিহিংসা, চরিত্রহনন কীভাবে করা যায়- তা প্রকাশ পায়। নতুন প্রজন্ম আমাদের প্রধানমন্ত্রীর কাছ থেকে কী শিক্ষা নেওয়ার আছে।” প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের সমালোচনা করে তাদের ‘ভারতপ্রেমের’ কথা সরকারের শরিক দলগুলোর নেতাদের কথায়ই স্পষ্ট বলে মন্তব্য করেন ফখরুল। স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ ও বিএনপির শাসনামলের তুলনা করে তিনি দাবি করেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার শাসনামলেই দেশ এগিয়েছে। নির্দলীয় সরকারের দাবি তুলে ধরে ফখরুল বলেন, “জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে তারা নির্দলীয় সরকার পদ্ধতি সংবিধান থেকে বাদ দিয়েছে, কিন্তু তাতে কোনো লাভ হবে না। সরকারকে অবশ্যই এই দাবি মেনে নিতে হবে।’’ স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন নবী খান সোহেলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আমান উল্লাহ আমান, বরকতউল্লাহ বুলু, আবদুস সালাম, ইসমাইল হোসেন বেঙ্গল, মুনীর হোসেন, মীর শরফত আলী সপু, শফিউল বারী বাবু প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৬৪৫ ঘ.