২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনীতি এমন হবে কেন: ওবায়দুল

আওয়ামী লীগ ও বিএনপির নেতানেত্রীদের পরস্পরকে ‘এড়িয়ে চলার’ প্রসঙ্গ টেনে দেশের রাজনীতির ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2012, 04:04 PM

Updated : 24 Aug 2022, 11:05 AM

ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ ও বিএনপির নেতানেত্রীদের পরস্পরকে ‘এড়িয়ে চলার’ প্রসঙ্গ টেনে দেশের রাজনীতির ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। “আজকাল কোনো বিয়ে বা সামাজিক অনুষ্ঠানেও দুই দলের নেতাদের দেখা হলে একজন আরেকজনকে এড়িয়ে চলতে চান” মন্তব্য করে তিনি বলেছেন, “এ ধরনের রাজনৈতিক পরিস্থিতিতে মনে প্রশ্ন জাগে, রাজনীতি এমন হবে কেন?” “সরকারী দল বা বিরোধী দল যে যাই করুন না কেন লাখো শহীদের মর্যাদাকে ক্ষুণ্ন করবেন না,” যোগ করেন তিনি। শনিবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে এক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন যোগাযোগমন্ত্রী। তিনি বলেন, “রাজনৈতিক সমঝোতার সেতু আভ্যন্তরিন শক্তি যোগায়। আভ্যন্তরিণ শক্তি কমে গেলে বিদেশে বন্ধু নয় শত্র“ জুটবে এবং তা জাতিকে প্রভাবশালীদের দাসত্বে বাধ্য করবে।” দেশের সড়ক যোগাযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, “আমাকে সফল মন্ত্রী বললে আমি লজ্জা পাই। দাায়িত্ব পাওয়ার চার মাস অতিবাহিত হলেও যানজট নিরসন এবং দুর্ঘটনা রোধে এখনো উল্লেখযোগ্য কোনো সাফল্য পাইনি।” সড়কে দুর্ঘটনা রোধে ‘চেষ্টা অব্যাহত রয়েছে’ মন্তব্য করে তিনি বলেন, “ঢাকা-আরিচা মহাসড়কে ২৯টি বিপদজনক বাঁক চিহ্নিত করে সেগুলো প্রশস্ত করার কাজ চলছে। এছাড়া সারা দেশে দুইশ ৫৫টি ঝুঁকিপূর্ণ বাঁক চিহ্নিত করা হয়েছে যা পর্যায়ক্রমে প্রশস্ত করা হবে।” রাস্তার দুরাবস্থার জন্য জনগণকে এখনো দুর্ভোগে পরতে হচ্ছে উল্লেখ করে যোগাযোগমন্ত্রী বলেন, “তাই আগ্রাধিকার ভিত্তিতে আগে ভাঙা সড়ক মেরামতের কাজ গুলো শেষ করতে চাই।” পদ্মা সেতু প্রকল্প নিয়ে দাতা সংস্থা বিশ্ব ব্যাংকের দুর্নীতির অভিযোগ তোলার কয়েক মাস পর যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে অন্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে ওবায়দুল কাদেরকে এ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ আগামী বছরের ১৩ ডিসেম্বর নাগাদ শেষ করার লক্ষ্য রয়েছে বলে জানান কাদের। মেট্রো রেল ও পদ্মা সেতু প্রসঙ্গে তিনি বলেন, “মেট্রো রেল ও পদ্মা সেতুর কাজ শুরু করলেও এ মেয়াদে শেষ করা সম্ভব হবে না।” রুট চূড়ান্ত না হওয়ায় রাজধানীতে মেট্রো রেল প্রকল্পে অর্থয়ান নিয়ে দাতা সংস্থা জাইকার সঙ্গে এখনো চুক্তি হয়নি সরকারের। অন্যদিকে পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের অর্থায়ন স্থগিত সিদ্ধান্তের পর মালয়শিয়া এ প্রকল্পে বিনিয়োগে তাদের মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদন করেছে চলতি মাসে। তবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দাতাদের সঙ্গে সমাধানের পর মালয়শিয়ার প্রস্তাব বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/পিডি/২২০৫ ঘ.