ঝালকাঠী, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দরপত্র দাখিল নিয়ে ঝালকাঠীতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে সদর থানার ওসিসহ অন্তত ১০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার সড়ক বিভাগের একটি দরপত্র দাখিলকে কেন্দ্র করে বুধবার রাতে ওই সংঘর্ষের পর জেলা শহরে থমথমে অবস্থা অবস্থা বিরাজ করছে।
ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে ওসি আব্দুল মান্নান ও উপপরিদর্শক হুমায়ুন আহত হয়েছেন বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান।
সংঘর্ষের জন্য ছাত্রলীগের দুই পক্ষ পরস্পরকে দায়ী করেছে।
সড়ক বিভাগের একটি ঠিকাদারি কাজ পেতে ছাত্রলীগের দুটি পক্ষ সক্রিয় বলে স্থানীয়রা জানায়। এর জের ধরেই রাত ৮টার দিকে সংঘর্ষের সূত্রপাত।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জামান হোসেন মিঠু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই দরপত্র নিয়ে রাত ৮টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংগঠনের শহর শাখার সভাপতি মাইনুলের অনুসারীদের সঙ্গে প্রতিপক্ষের হাতাহাতি হয়।
এর জের ধরে ঘণ্টা খানেক পর দুই পক্ষে সংঘর্ষ বাঁধে বলে জানান তিনি।
শহর ছাত্রলীগ সভাপতি মাইনুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনেক দিন ধরেই জেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকসহ একটি গ্রুপ সড়ক বিভাগের ঠিকাদারির কাজ দখল করে আসছে। অন্য কাউকে দরপত্র দাখিল করতে না দেওয়ার জন্য তারা পরিকল্পিতভাবে এই হামলা চালায়।”
দুই পক্ষের মধ্যে মারামারি ও ইট ছোড়াছুড়ি শুরু হলে শহরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশের দোকানপাট সব বন্ধ হয়ে যায়।
পরে অতিরিক্ত সুপারের নেতৃত্বে পুলিশ গিয়ে দুই পক্ষকে হটিয়ে দেয়। পুলিশ কর্মকর্তা হাবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইটের আঘাতে ওসি এবং এসআই হুমায়ুন আহত হয়েছেন ।
ছাত্রলীগেরও ৮/১০ জন আহত হয়েছে বলে নেতা-কর্মীরা জানায়।
সংঘর্ষের পর শহরে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০০১৫ ঘ.
bdnews24