চট্টগ্রাম, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে ১৪ দলের মহাসমাবেশে যাওয়ার সময় ট্রাক উল্টে চালকসহ ১৬ জন আহত হয়েছে।
বুধবার দুপুর ২টা ৫০ মিনিটের দিকে নগরীর সারসন রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চান্দগাঁও থানাধীন এক কিলোমিটার এলাকা থেকে সমাবেশে আসছিলেন তারা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির কর্তব্যরত নায়েক মো. আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ধারণক্ষমতার চেয়ে ট্রাকে বেশি লোক থাকায় এবং জোরে ব্রেক করার কারণে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের অধিকাংশই হাতে ও পায়ে ব্যথা পেয়েছে জানিয়ে আজাদ বলেন, “চালক জানিয়েছে হার্ডব্রেক করায় ট্রাকটি উল্টে যায়।”
প্রাথমিক চিকিৎসা দিয়ে বিকাল সোয়া ৩টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
যুদ্ধাপরাধের বিচার ত্বরান্বিত করার দাবিতে পলোগ্রাউন্ড মাঠে ১৪ দলের মহাসমাবেশ শুরু হয়েছে, যাতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপনে প্রধানমন্ত্রী সকাল ১০টায় হেলিকপ্টারে করে চট্টগ্রাম বন্দর হাইস্কুল মাঠে পৌঁছান। এরপর তিনি চট্টগ্রামের প্রথম ফ্লাইওভার, নারী শ্রমিকদের জন্য একটি ডরমেটরিসহ বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএইচসি/আরএ/১৬০৭ ঘ.
bdnews24