২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদের মরণপণ

এইচ এম এরশাদ বলেছেন, আগামী নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত থেকে জীবন গেলেও তিনি সরে আসবেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2012, 07:26 PM

Updated : 24 Aug 2022, 11:03 AM

ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এইচ এম এরশাদ বলেছেন, আগামী নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত থেকে জীবন গেলেও তিনি সরে আসবেন না। মঙ্গলবার বিকালে এক আলোচনা সভায় ছাত্র সমাজের নিহত কয়েক নেতার নাম উল্লেখ করে তিনি বলেন, “যারা তাদের হত্যা করেছিল তাদের সঙ্গে হাত মিলিয়ে পথ চলা যায় না। তারা আমাদের স্বজন নয়, তাদের সঙ্গে পথ চলা নয়। “একলাই পথ চলতে হবে। এ জন্য প্রস্তুতি গ্রহণ কর।” কোনো দলের নাম উল্লেখ না করে এরশাদ বলেন, “আমরা স্বাধীনতাবিরোধীদের সঙ্গেও হাত মেলাতে পারি না। সেটা আমাদের নীতির মধ্যে পড়ে না। “আগামীতে এককভাবে নির্বাচনে অংশ নেব” উল্লেখ করে তিনি বলেন, “জীবন যাক, যা কিছুই হোক সিদ্ধান্ত থেকে সরে আসব না।” “তিন বছর কারাগারে একা ছিলাম। কথা বলার মতো মানুষ ছিল না। পত্রিকা পড়তে পারতাম না। এর পরও বেঁচে আছি।” “ক্ষমতায় গিয়ে এর প্রতিশোধ নেব,” বলেন এরশাদ। রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনাতনে জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তব্যে এসব কথা বলেন তিনি। ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয় জাতীয় ছাত্র সমাজ। পরবর্তীতে এর কার্যক্রম স্থগিত করেন এরশাদ। ক্ষমতাকে বড় করে না দেখে জাতির স্বার্থেই ছাত্র সমাজের কার্যক্রম স্থগিত করা হয়েছিল বলে দাবি করেন এরশাদ। সামনে ‘সংঘাতের রাজনীতি’- এ মন্তব্য করে এরশাদ বলেন, “অনেকের মনেই সন্দেহ আছে নির্বাচন হবে কি না। সামরিক শাসক ক্ষমতায় আসবে কি না তা নিয়েও অনেকের মনে প্রশ্ন আছে। “কিন্তু কোনো বিশেষ দল নির্বাচনে না এলে দেশ অন্ধকারে যাবে না।” “কেউ নির্বাচনে আসুক বা না আসুক সেটা ব্যাপার না। এককভাবে নির্বাচন করব।” জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক সৈয়দ মিজানুর রহমার হিমুর সভাপতিত্বে অন্যদের মধ্যে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমেদ, মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য কাজী ফিরোজ রশীদ, জাতীয় ছাত্র সমাজের সদস্য সচিব মো. আবুল কাশেম রিপন প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/পিডি/০১২৭ ঘ.