নাটোর, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘অরাজকতা সৃষ্টির আশংকায়’ নাটোরের বাগাতিপাড়া উপজেলায় এইচএসসি পরীক্ষার্থীসহ ২১ ছাত্রকে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
রহিমানপুর উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে সোমবার বিকালে তাদের আটক করা হয়।
মঙ্গলবার আদালতে হাজির করলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বাগাতিপাড়া থানার ওসি শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা বিদ্যালয়টির মাঠে বিভিন্ন শ্রেণীর ২১ জন ছাত্রকে আটকে রাখে। এরপর পুলিশ তাদের আটক করে।
মঙ্গলবার তাদের ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বাগাতিপাড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
পরে বিশেষ পুলিশ পাহারায় তাদের নাটোর জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়, বলেন ওসি।
তিনি আরো বলেন, স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অভিযোগ আটক সবাই শিবিরের সদস্য।
আটক ছাত্ররা হলেন বাগাতিপাড়ার স্বরূপপুর গ্রামের আল মামুন, মিশুক, আনিসুর রহমান, খামার বজরাপুরের শওকত আকবর, রবিন আলী, অপু আহম্মেদ, সোহেল রানা, আবু রায়হান, বাজিতপুরের আরিফুল, নিফুল আলী, মজনু আলী, আতাউর রহমান, লিখন আলী, মেহেদী হাসান, মুক্তার হোসেন, ইউসুফ আলী, জালালপুরের মহিদুল ইসলাম, শ্রীরামপুরের স্বাধীন উদ্দীন, নাটোর সদরের হুগোলবাড়িয়া মহল্লার মিরাজ খান, বনবেলঘড়িয়া মহল্লার মিলন হোসেন এবং পন্ডিতগ্রামের চঞ্চল মাহমুদ।
এদের মধ্যে আল মামুন, শওকত আকবর ও মুক্তার হোসেন আগামী ১ এপ্রিল থেকে অনুষ্ঠেয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। রবিন আলী, সোহেল রানা, ইউসুফ আলী, স্বাধীন উদ্দীন, মেহেদী হাসান, লিখন আলী স¤প্রতি শেষ হওয়া মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছেন।
রাষ্ট্রপক্ষ থেকে আদালতে তাদের বিরুদ্ধে অরাজকতা সৃষ্টি করতে পারে এমন উদ্দেশ্যে সমবেত হওয়ার অভিযোগ আনা হয়েছে।
আদালতে কর্তব্যরত পুলিশের উপ-পরিদর্শক (্এসআই) আকতার হোসেন বলেন, থানা পুলিশের অভিযোগের ভিত্তিতে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
উপজেলা ছাত্র শিবির সভাপতি ফজলুর রহমান বলেন, আটকরা শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত নয়। আওয়ামী লীগ নেতাদের দেওয়া মিথ্যা তথ্যের ভিত্তিতে এ ছাত্রদের আটক করা হয়েছে।
খবর পেয়ে সকাল ১২টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি বাগাতিপাড়া থানার সামনে গেলে আটক ছাত্রদের জন্য অপেক্ষারত স্বজনদের কান্নাকাটি করতে দেখেন।
আটক স্বাধীন হোসেনের বড় বোন কলেজ ছাত্রী অ্যানী বলেন, “আমার ভাই সবেমাত্র এসএসসি পরীক্ষা শেষ করেছে। সে ফুফুর বাসা থেকে বাড়ি ফেরার পথে ওই মাঠে বন্ধুদের সঙ্গে গল্প করছিল।”
এ আটকের পেছনে স্থানীয় আওয়ামী লীগের এক নেতার অসৎ উদ্দেশ্য আছে বলে তিনি অভিযোগ করেন।
এইচএসসি পরীক্ষার্থী শওকত আকবরের মা শরিফা বেগম বলেন, “ছেলে কিছু সময়ের জন্য বাজারে এসেছিল। ফেরার পথে আওয়ামী লীগের কিছু লোক তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। আমার ছেলে কোন রাজনীতির সঙ্গে জড়িত না।”
জামায়াত সমর্থিত উপজেলা ভাইস চেয়ারম্যান মমতাজ আলী সরকার বলেন, আটক সবাই সাধারণ ছাত্র। আওয়ামী লীগ নেতাদের খুশি করতেই তাদের আটক করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন বলেন, আটকরা জামায়াতের ছাত্র সংগঠনের সঙ্গে জড়িত। তারা কোনো অনিষ্ট করার জন্য সভা করছিল। তাই তাদের আটক করা হয়েছে।
নাটোরের পুলিশ সুপার কাইয়ুমুজ্জামান খান বলেন, অরাজকতা সৃষ্টির লক্ষ্যে সংঘবদ্ধ হওয়ায় তাদের আটক করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪৭ ঘ.
bdnews24