চট্টগ্রাম, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পলোগ্রাউন্ডে শেখ হাসিনার মহাসমাবেশ সফল করতে বিভিন্ন পর্যায়ে বৈঠক করছে চট্টগ্রাম আওয়ামী লীগ।
জেলা ও নগরীর বিভিন্ন এলাকায় পোস্টার-মাইকিং বিল বোর্ডেও বুধবারের এই জনসভার প্রচার চলছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জনসভার দেড় মাস পর একই স্থানে আওয়ামী লীগ সভানেত্রীর জনসভা হচ্ছে।
মঙ্গলবার সকালে আওয়ামী লীগ নেতারা রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে সমাবেশস্থল পরিদর্শনের পর নগর, দক্ষিণ ও উত্তর জেলার নেতারা দুুপুরে সমন্বয় বৈঠক করেন।
সভা শেষে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবু সাংবাদিকদের বলেন, “পলোগ্রাউন্ডের মহাসমাবেশের জন্য আমরা প্রস্তুত।”
এ সমাবেশকে আওয়ামী লীগ চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে জানিয়ে তিনি বলেন, “পলোগ্রাউন্ডের এ সমাবেশ স্মরণাতীতকালের বৃহৎ মহাসমাবেশ হবে। ১০ লাখের বেশি লোকসমাগম হবে বলে আমরা আশা করছি।”
চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ ছাড়াও তিন পার্বত্য জেলা, কক্সবাজার, ফেনী ও নোয়াখালী থেকে দলের নেতাকর্মীরা এ সমাবেশে অংশ নেবেন।
সমাবেশকে সামনে রেখে চট্টগ্রামের ১৪ দলের নেতাদের সঙ্গেও বৈঠক হয়েছে বলেও জানান আখতারুজ্জামান।
আখতারুজ্জামানের সার্সন রোডের বাসায় দলীয় বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর জেলার সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, নগর সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমীন, সংসদ সদস্য আবুল কাশেম মাস্টার, এ বি এম ফজলে করিম চৌধুরী, নুরুল ইসলাম বিএসসি, শামসুল হক চৌধুরী, চেমন আরা তৈয়বসহ জেলা পর্যায়ের নেতারা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের সফরে বন্দর এলাকায় চট্টগ্রামের প্রথম ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিস্থাপন করবেন।
এ প্রসঙ্গে আখতারুজ্জামান বাবু বলেন, “চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব প্রধানমন্ত্রী নিজের কাঁধে নিয়েছেন। বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধনের পর আগামী ছয় মাসে চট্টগ্রামের চেহারা পাল্টে যাবে।”
শুরুতে চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরে তা ১৪ দলীয় জোটের ব্যানারে হবে বলে জানানো হয়।
বুধবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে চট্টগ্রাম পৌঁছার পর বন্দর এলাকায় নির্মিত চট্টগ্রামের প্রথম ফ্লাইওভার উদ্বোধন করবেন। এরপরই তিনি সল্টগোলা ক্রসিং এলাকায় সিডিএ উদ্যোগে চার হাজার নারী পোশাক শ্রমিকের জন্য নির্মীয়মাণ ডরমিটরির ভিত্তিস্থাপন করবেন।
এরপর প্রধানমন্ত্রী ষোলশহরে এলজিইডি ভবনের উদ্বোধন করবেন। সেখান থেকেই ফটিকছড়ি রাবার ড্যামের আনুষ্ঠানিক উদ্বোধন এবং পরবর্তীতে চট্টগ্রাম বৌদ্ধ মন্দিরের নতুন ভবনের ভিত্তিস্থাপন করবেন।
দুপুরে সার্কিট হাউজে সরকারি কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠকের পর বিকাল ৩টায় পলোগ্রাউন্ডের সমাবেশে যোগ দেবেন শেখ হাসিনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৯৩৫ ঘ.
bdnews24