ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সত্য প্রকাশে সরকার প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।
মঙ্গলবার বিকালে নয়া পল্টনে দলের এক বিক্ষোভ সমাবেশপূর্ব মিছিলে তিনি এ অভিযোগ করেন।
আবদুল মঈন খান বলেন, “বর্তমান সরকারের কর্মকাণ্ড প্রমাণ করে তারা গণতান্ত্রিক সরকার নয়। পদে পদে সত্য প্রকাশে তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। বিরোধী দলীয় নেতাকে স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে যেতে বাধা দেয়ার পরদিন রূপসী বাংলা হোটেলে বইয়ের মোড়ক অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে।”
“একটি অরাজনৈতিক কর্মসূচিকে এভাবে বন্ধ করা কোনোভাবে গ্রহণযোগ্য নয়।”
বিএনপির অভিযোগ, সোমবার স্বাধীনতা দিবসের সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাওয়ার পথে দফায় দফায় খালেদা জিয়ার গাড়ি বহরকে বাধা দেয় পুলিশ। আর মঙ্গলবার বিকালে রাজধানীর রূপসী বাংলা হোটেলে লেখক-সাংবাদিক শফিক রেহমানের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানও বন্ধ করে দেওয়া হয়, যাতে খালেদা জিয়ার প্রধান অতিথি থাকার কথা ছিল।
এর প্রতিবাদে আয়োজিত সমাবেশের পর একটি বিক্ষোভ মিছিল জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।
আওয়ামী লীগ সরকার মানুষের বাক স্বাধীনতা বিশ্বাস করে না মন্তব্য করে মঈন খান বলেন, “এজন্য তারা ১৯৭৫ সালে দেশে একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করেছিল। এবারও তারা ভিন্ন লেবাসে একদলীয় শাসনে দেশ চালাচ্ছে।”
মহানগর আহ্বায়ক ও বিএনপির সহসভাপতি সাদেক হোসেন খোকার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে দলের যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দল সভাপতি হাবিব উন নবী খান সোহেল, মহিলা দল সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১৮৫৭ ঘ.
bdnews24