ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়াকে স্মৃতিসৌধে যেতে ‘বাধা’ এবং একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান ‘বন্ধ করে দেওয়ার’ প্রতিবাদ জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার বিরোধী দলীয় নেতার চলাফেরায় বিধিনিষেধ দিয়েছে বলেই মনে করছেন তারা।
মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “গত দুইদিনে বিরোধী দলীয় নেতার চলাফেরার ওপর সরকারের বিধিনিষেধ আরোপ এবং বাধার ঘটনায় আমরা উদ্বিগ্ন। আমরা কিছুই বুঝতে পারছি না।”
“কোনো রাজনৈতিক দলের সরকার এখন দেশ চালাচ্ছে বলে মনে হয় না”, বলেন তিনি।
বিএনপির অভিযোগ, সোমবার স্বাধীনতা দিবসের সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাওয়ার পথে দফায় দফায় খালেদা জিয়ার গাড়ি বহরকে বাধা দেয় পুলিশ। আর মঙ্গলবার বিকালে রাজধানীর রূপসী বাংলা হোটেলে লেখক-সাংবাদিক শফিক রেহমানের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানও বন্ধ করে দেওয়া হয়, যাতে খালেদা জিয়ার প্রধান অতিথি থাকার কথা ছিল।
মোড়ক উন্মোচন অনুষ্ঠান ‘বন্ধ করে দেওয়ার’ প্রতিবাদে দুপুরে জাতীয় প্রেসক্লাবে এই ‘জরুরি’ সংবাদ সম্মেলন করে বিএনপি সমর্থক সংগঠন ‘জি-নাইন’। এতে অভিযোগ করা হয়, সরকারের ঊর্ধ্বতন কর্র্তৃপক্ষের নিদের্শে হোটেল কর্তৃপক্ষ অনুষ্ঠানটি বন্ধ করে দিয়েছে।
এর নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন, “প্রধানমন্ত্রীকে বলব, দয়া করে স্বাভাবিক সাংবিধানিক পথ বন্ধ করবেন না। দেশকে গণতান্ত্রিক পথে চলতে দিন।”
‘গোয়েন্দা সংস্থার নির্দেশ’
জি-নাইন এর সভাপতি ঢাকা চেম্বারের সাবেক সভাপতি এম সাইফুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, “রূপসী বাংলা হোটেল কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্র্র্তৃপক্ষের নির্দেশে আমাদের অনুষ্ঠানটি বন্ধ করা হয়েছে।”
“সোমবার রাত ১১টায় হোটেল থেকে আমাকে এসএমএস করে জানানো হয়, তারা আমাদের অনুষ্ঠানের বুকিং ঠিক রাখতে পারছে না। কারণ এ ব্যাপারে একটি গোয়েন্দা সংস্থার নির্দেশ রয়েছে”, যোগ করেন তিনি।
সাইফুল ইসলাম জানান, শফিক রেহমানের ৫টি বইয়ের মোড়ক উন্মোচনের গত ২৭ ফেব্রুয়ারি সোনাগাঁও হোটেলে বুকিং দিয়েছিলেন তারা। প্রধানমন্ত্রীর অনুষ্ঠান থাকার কথা বলে তা বাতিল করা হয়। এরপর রূপসী বাংলা হোটেলেও একই ঘটনা ঘটলো।
“মঙ্গলবারের অনুষ্ঠানের সব আমন্ত্রণপত্র বিলি হয়ে যাওয়ার পর এভাবে অনুষ্ঠান বাতিল করায় আমরা ক্ষুব্ধ ও উদ্বিগ্ন”, বলেন তিনি।
‘
ব্যাখ্যা দিতে হবে’
সোমবার স্মৃতিসৌধে যেতে খালেদা জিয়াকে ‘বাধা’ এবং বিএনপি কর্মীদের ওপর ক্ষমতাসীনদের ‘হামলার’ অভিযোগ তুলে ধরে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, “পুলিশ প্রকাশ্যে বিরোধী দলীয় নেতাকে যেতে বাধা দেয়। স্মৃতিসৌধে তাকে নিরাপত্তা পর্যন্ত দেওয়া হয়নি।”
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর জাতীয় স্মৃতিসৌধে চরম অব্যবস্থাপনা চলে বলেও তিনি অভিযোগ করেন।
“সরকার দল থেকে বিচ্ছিন্ন হয়ে এখন গোয়েন্দা সংস্থার কথা মতো রাষ্ট্র পরিচালনা করছে কি না আমরা জানি না। তা না হলে কীভাবে একটি জাতীয় গোয়েন্দা সংস্থার নির্দেশের কথা বলে অনুষ্ঠান বাতিল করে”, বলেন ফখরুল।
এ ব্যাপারে তিনি সরকারের কাছে ‘বিস্তারিত ব্যাখ্যা’ দাবি করেন।
‘প্রয়োজনে চাকরি ছেড়ে দিন’
অনুষ্ঠানের ওপর ‘সরকারের নিষেধাজ্ঞায়’ ক্ষোভ প্রকাশ করে লেখক শফিক রেহমান সংবাদ সম্মেলনে বলেন, “আমি সরকারের এহেন কর্মকাণ্ডের ধিক্কার জানাই। এভাবে আমার লেখাকে আপনারা (সরকার) বন্ধ করতে পারবেন না। আপনারা মানুষের স্বাধীনতা কেড়ে নিচ্ছেন।”
এভাবে চললে বর্তমান সরকারের পরিণতিও ‘স্বৈরাচার এরশাদ সরকার ও ১৯৭৫ পূর্ববর্তী সরকারের মতো’ হবে বলে মন্তব্য করেন তিনি।
শফিক রেহমান বলেন, “আমি আশঙ্কা করছি, সরকার বিরোধী দলের নেতার চলাফেরার স্বাধীনতার কমিয়ে দিচ্ছে। জানি না, আগামীতে ইস্কাটনের লেডিস ক্লাবে ম্যাডামকে ঈদের অনুষ্ঠান সরকার করতে দেবে কি না।”
সামরিক গোয়েন্দা সংস্থা ও জাতীয় গোয়েন্দা সংস্থার নাম উল্লেখ করে তিনি বলেন, “আমি ডিজিএফআইয়ে প্রতি অনুরোধ জানাব, এই সরকার অবৈধ। তাদের নির্দেশ শুনবেন না। প্রয়োজনে চাকরি ছেড়ে দিন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৫৫৮ ঘ.
bdnews24