ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় স্মৃতিসৌধে যাওয়ার খালেদা জিয়ার গতিরোধ ও নেতা-কর্মীদের ওপর হামলা ঘটনাকে সরকারের ‘স্বাধীনতা দিবস’ দলীয়করণ বলে অভিযোগ করেছে বিএনপি।
সোমবার বিকালে ছাত্রদলের এক শোভাযাত্রার আগে এক সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “বর্তমান সরকার মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতেও তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। সেখানে নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে।”
তিনি বলেন, “সোমবার ভোরে গুলশানের বাসা থেকে বিরোধীদলীয় নেতা ভোর ৫টায় রওনা হলে পুলিশ প্রথমে বাসার প্রধান ফটকে গাড়ি আটকে রাখে। বিরোধীদলীয় নেতার প্রটোকল গাড়িকে বাধা দেয়।”
পুলিশ ভোর ৫টা ৪৫ মিনিটে খালেদা জিয়ার গাড়ির সামনের ব্যারিকেড তুলে নেয় উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, “পরে সাভার যাওয়ার পথে গুলশান-২ নম্বর গোলচত্বর, গাবতলী, আমিন বাজার, পিএটিসি’র কাছেও বাধার মুখে পড়ে বিরোধীদলীয় নেতার গাড়িবহর।”
পরে ৬টা ৪৫ মিনিটে তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে পুষ্পস্তবক অর্পণ করেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “বর্তমান সরকার যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন মানুষের অধিকার এভাবে খর্বিত হবে। তাই সরকারকে ক্ষমতা থেকে সরাতে আমাদের ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে।”
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে জাতীয় পতাকার শোভাযাত্রা করে ছাত্রদল। এটি কাকরাইল, শান্তিনগর, মালিবাগ হয়ে মগবাজার গিয়ে শেষ হয়।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, মহানগর দক্ষিণ ও উত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইডেন বিশ্ববিদ্যালয় কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহ¯্রাধিক ছাত্র-ছাত্রী জাতীয় পতাকা হাতে এ শোভাযাত্রায় অংশ নেয়।
শোভাযাত্রায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতিকৃতিও ছিল।
জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে মির্জা ফখরুল বলেন, “৪০ বছর পেরিয়ে গেলেও স্বাধীনতার স্বপ্ন আজও বাস্তবায়ন হয়নি। গণতন্ত্র অবরুদ্ধ হয়ে আছে। দেশের অর্থনৈতিক অবস্থা ধ্বংসপ্রায়।”
ছাত্রদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুর সভাপতিত্বে শোভাযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, সাবেক ছাত্র নেতা হাবিবুর রহমান হাবিব ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম বক্তব্য দেন।
সমাবেশে ছাত্রদলের সিনিয়র সহসভাপতি শহীদুল ইসলাম বাবুল, সহসভাপতি হাবিবুর রশীদ হাবিব, দুলাল হোসেন, বজলুল করিম চৌধুরী আবেদ, আবু বকর ছিদ্দিক, রফিকুল ইসলাম রাসেল, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৮০৫ ঘ.
bdnews24