ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিক নির্দেশনা না দিয়ে আওয়ামী লীগ নেতারা ২৫ মার্চ পালিয়ে গিয়েছিলেন- এমন অভিযোগ করেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে যুদ্ধের দিকে এগিয়ে নিয়েছিলেন।
রোববার বিকালে স্বাধীনতা দিবসের আলোচনায় তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, “২৫ মার্চ পাকিস্তানি সৈন্যরা যখন অসহায় মানুষের ওপর ঝাঁপিয়ে পড়েছিলো, তখন আওয়ামী লীগের নেতারা কোনো দিকনিদের্শনা না দিয়ে আত্মসমর্পণ করে পালিয়ে গিয়েছিলো। ওই সময় জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে যুদ্ধের দিকে এগিয়ে নিয়েছিলেন। সেজন্য জিয়ার ঘোষণা দেশের মানুষের কাছে ধ্রুবতারার মতো সত্য।”
২০০৯ সালের জুন মাসে বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদের সমন্বয়ে গঠিত হাই কোর্টে তৎকালীন বেঞ্চ জনস্বার্থে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক বলে রায় দেয়। সেই সঙ্গে আদালত জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক উপস্থাপন করে প্রকাশিত “বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, দলিলপত্র”-এর তৃতীয় খণ্ড বাতিল ঘোষণা করে।
আওয়ামী লীগ নিজেদের আত্মসমর্পণের বিষয়টি আড়াল করতেই জিয়ার বিরুদ্ধে মিথ্যাচার করছে বলে অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল।
কাকরাইলের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি ঘোষিত ১৫ দিনের কর্মসূচির অংশ হিসেবে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মির্জা ফখরুল বলেন, “স্বাধীনতার চেতনা ছিলো দেশের অবাধ গণতন্ত্র চর্চা, মানুষের বাক স্বাধীনতা ও মৌলিক অধিকার প্রতিষ্ঠা। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় গেছে এই সব চেতনাকে ধ্বংস করেছে। দেশের গণতন্ত্র ও স্বাধীনতা আজ বিপন্ন।”
মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী গ্রেপ্তারকৃত ১৯৫ জন যুদ্ধাপরাধীর ছেড়ে দেওয়ার জন্য তৎকালীন আওয়ামী লীগ সরকারকেই দায়ী করেন ভারপ্রাপ্ত এই মহাসচিব।
তিনি বলেন, “ওই সময় বিএনপির জন্মই হয়নি। আওয়ামী লীগ ক্ষমতায় থেকে ১৯৫ জন চিহ্নিত যুদ্ধাপরাধীকে ছেড়ে দিয়েছিলো।”
স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, “নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে তারা ইচ্ছাকৃতভাবেই গণতন্ত্রকে অনিশ্চিত করে ফেলেছে। দেশকে সাংঘর্ষিক অবস্থা দিকে ঠেলে দিয়েছে।”
এ থেকে উত্তরণে জনগণকে সরকারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে মোশাররফ বলেন, “আওয়ামী লীগের স্বাধীনতার ঘোষণা নিয়ে মিথ্যাচার ও মনগড়া কথা বলে নতুন প্রজন্মকে বিভ্রান্ত করতে চায়। কিন্তু এতে কাজ হবে না। দেশের মানুষ জানে জিয়াই স্বাধীনতার ঘোষক।”
দলের সহসভাপতি সাদেক হোসেন খোকা বলেন, “২৬ মার্চ মেজর জিয়াউর রহমান স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পরই মুক্তিযুদ্ধ শুরু হয়।”
কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, “একাত্তরের দুই রকম মুক্তিযোদ্ধা ছিলো। এক. কলকাতায় অবস্থানকারী মুক্তিযোদ্ধা আর দ্বিতীয়টি রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। আমি বলতে চাই- আওয়ামী লীগের অধিকাংশরাই কলকাতার মুক্তিযোদ্ধা। আর ওই দলটির বাইরে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলেই রয়েছেন রণাঙ্গনের সব মুক্তিযোদ্ধা।”
মির্জা ফখরুলের সভাপতিত্বে অন্যদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সহসভাপতি হাফিজ উদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা শাহজাহান ওমর, শামসুজ্জামান দুদু, যুগ্মমহাসচিব আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী ও মহানগর সদস্য সচিব আবদুস সালাম আলোচনা সভায় বক্তব্য রাখেন।
এ ছাড়া সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে সৈয়দ মোয়াজ্জেম হোসেন, হাবিব উন নবী খান সোহেল, নুরে আরা সাফা, অধ্যক্ষ সোহরাব উদ্দিন, ইসমাইল হোসেন বেঙ্গল ও সুলতান সালাহউদ্দিন টুকুও বক্তব্য দেন।
অনুষ্ঠান পরিচালনা করেন দলের সংসদে বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/২০০৩ ঘ.
bdnews24