২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী ক্ষমা না চাইলে আইনগত ব্যবস্থা: বিএনপি

আইএসআইয়ের অর্থ দেওয়া নিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির পরদিন এ কথা বললেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2012, 09:03 AM

Updated : 24 Aug 2022, 11:02 AM

ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের কাছ থেকে অর্থ নেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ‘মিথ্যা ও ভিত্তিহীন’ উল্লেখ করে তাকে জনগণের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। তা না হলে বিএনপি ‘আইনগত ব্যবস্থা’ নেবে বলেও জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব। শুক্রবার এক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আইএসআইয়ের ফাণ্ড সম্পর্কে সেদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ সংক্রান্ত খবর কেবল ভিত্তিহীনই নয়, ষড়যন্ত্রমূলকও বটে।” “তাই প্রধানমন্ত্রীকে বলবো, দয়া করে, এই রকম মিথ্যাচারের জন্য দুঃখপ্রকাশ করে জনগণের কাছে ক্ষমা চান, নইলে আমরা আইনগত ব্যবস্থা নেব”, যোগ করেন ফখরুল। ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলের ভারত সংস্করণে (অনলাইন) গত ১৫ মার্চ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সাবেক প্রধান আসাদ দুররানি পাকিস্তানের সুপ্রিম কোর্টে এক শুনানিতে ১৪ কোটি রুপি বিলি করার কথা স্বীকার করেছেন। ১৯৯১ সালে নির্বাচনের আগে বিএনপিকেও অর্থ দেওয়ার কথা বলেছেন তিনি। ডেইলি মেইলের ওই প্রতিবেদনের ভিত্তিতে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে এ খবর প্রকাশিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও গত ১০ মার্চ এক অনুষ্ঠানে বিরোধী দলীয় নেতার সমালোচনা করতে গিয়ে বলেন, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের আগেও পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের কাছ থেকে মোটা অংকের অর্থ নিয়েছিলেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। এরপর ১৯ মার্চ পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি সাংবাদিকদের জানান, দুররানি সুপ্রিম কোর্টে যে হলফনামা দিয়েছেন, তার অনুলিপি চাইবে বাংলাদেশ। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলে, আইএসআইয়ের সাবেক প্রধানকে উদ্ধৃত করে বিএনপিকে অর্থ দেওয়ার যে খবর গণমাধ্যমে এসেছে তা কেবল ভিত্তিহীনই নয়, বাংলাদেশ-পাকিস্তান ভাতৃত্বপূর্ণ সম্পর্ক বিনষ্টের চেষ্টারও একটি অংশ। এই বিবৃতির উল্লেখ করে জাতীয়তাবাদী কৃষক দলের আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, “সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী, নেতারা বার বার মিথ্যাচার করে যাচ্ছেন। আমরা বারবার এই অভিযোগ খণ্ডন করলেও প্রধানমন্ত্রী বিভিন্ন জনসভায় ও সংসদে একই ‘কোরাস’ গেয়ে যাচ্ছেন।’’ তিনি বলেন, “আসাদ দুররানিও বাংলাদেশের দৈনিক নয়া দিগন্ত ও সাপ্তাহিক হলিডে পত্রিকায় সাক্ষাৎকার দিয়ে বলেছেন, সুপ্রিম কোর্টের সাক্ষ্যে তিনি কোথাও বাংলাদেশের রাজনৈতিক দল বা বিএনপিকে অর্থ দেওয়ার কথা বলেননি।” বিএনপির বিরুদ্ধে এই ‘মিথ্য’ সংবাদ পরিবেশনের জন্য তিনি বাংলাদেশে প্রথম আলো, দুবাইয়ের খালিজ টাইমস ও ভারতের ইন্ডিয়া টুডেকে দায়ী করেন। “আমরা এ ব্যাপারে শনিবারই প্রথম আলোতে প্রতিবাদ পাঠাবো। তাদের বলব- আপনারা না জেনে যাচাই না করে মিথ্যা সংবাদ পরিবেশন করেছেন। ভবিষ্যতে এ রকম মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকবেন।” স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মহানগর বিএনপি কার্যালয়ের মাওলানা ভাসানী মিলনায়তনে আয়োজিত এই আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির সহসভাপতি সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, কৃষক দলের সাধারণ সম্পাদক ও চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু আলোচনা সভায় বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৪৫০ ঘ.