ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টায়েন্টিফোর ডটকম)- সরকারের কথা মেনে কল-কারখানায় ১২ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ রাখলে দেশের অর্থনীতিতে বিপর্যয় নেমে আসবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের বলেন, “গ্রীষ্ম মৌসুমের আগেই দেশে বিরাজমান বিদ্যুৎ সংকট প্রমাণ করেছে যে, সরকারের ‘অনেক বিদ্যুৎ’ উৎপাদনের দাবি অসার।”
“প্রতিদিন লোড শেডিং হচ্ছে। কলকারখানায় ১২ ঘণ্টা বিদ্যুৎ সরবারহ বন্ধ রাখা হলে অর্থনীতির জন্য তা বিপর্যয় ডেকে আনবে বলে আমরা মনে করি,” বলেন তিনি।
বিদ্যুৎ সচিব আবুল কালাম আজাদ বুধবার এক সংবাদ সম্মেলনে জানান, বোরো মৌসুমে সেচ কাজে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত শিল্প কারখানা বন্ধ রাখারও আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
মির্জা ফখরুল বলেন, “সরকার কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টের নামে দলীয় লোকজনকে হাজার হাজার কোটি টাকা লুটপাটের ব্যবস্থা করে দিয়েছে। জনগণের পকেট থেকে প্রতিবছর ২০ হাজার কোটি ভুর্তকির টাকা তারা লুট করছে। অথচ কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট করে তিন বছরেও বিদ্যুৎ সমস্যার সমাধান করতে পারেনি।”
এর আগে জিয়া পরিষদের নেতাদের সঙ্গে নিয়ে শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল।
সংগঠনের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া পরিষদের চেয়ারম্যান কবির মুরাদসহ নেতা-কর্মীরা জিয়ার কবরে শ্রদ্ধা জানান।
“বিরোধী দল বেতন-ভাতা নিতে যায়নি’
বিরোধী দল বেতন-ভাতা ঠিক রাখতে সংসদ অধিবেশনে যোগ দিয়েছে- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, “প্রধানমন্ত্রীর বক্তব্য তার স্বভাবজাত চপলতা ছাড়া আর কিছুই নয়।”
“আমি বলব, তারা (আওয়ামী লীগ) যখন বিরোধী দলে ছিলেন, কতোবার সংসদ বর্জন করেছেন, কতোবার বেতন ভাতার জন্য এবং সদস্যপদ রক্ষার জন্য সংসদে ফিরে গেছেন, তা একবার মনে করে দেখুন। তাহলে মিথ্যাচার কারা করে তা ফুটে উঠবে”, বলেন এই বিএনপি নেতা।
ভারপ্রাপ্ত মহাসচিব দাবি করেন, বেতন-ভাতা নয়, জনগণের কথা বলার জন্যই গত রোববার সংসদে যোগ দিয়েছে বিএনপি।
টানা ৭৭ দিন অনুপস্থিত থাকার পর প্রধান বিরোধী দল বিএনপি ওইদিন সংসদ অধিবেশনে যোগ দেওয়ায় প্রধানমন্ত্রীসহ ক্ষমতাসীন দলের নেতারা বলেন, সাংসদ হিসেবে বেতন-ভাতা এবং সংসদ সদস্যপদ রক্ষার জন্যই বিএনপির সাংসদরা ফিরেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৫০১ ঘ.
bdnews24