২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসিফ নজরুল হাজির হলেও শুনানি হয়নি

টক শোতে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে দায়ের করা এক রিট আবেদনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপককে ডেকেছিল হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2012, 09:09 AM

Updated : 24 Aug 2022, 11:02 AM

ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তলবের আদেশে হাই কোর্টে হাজিরা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল। তবে তলবকারী বেঞ্চের এক বিচারপতি ছুটিতে থাকায় এ বিষয়ক শুনানি হয়নি। টক শোতে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানির পর গত ১৫ মার্চ বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এই শিক্ষককে তলব করে। আসিফ নজরুল বৃহস্পতিবার সকালেই হাই কোর্টের ওই বেঞ্চে হাজির হন। কিন্তু বেঞ্চের কনিষ্ঠ বিচারক জাহাঙ্গীর হোসেন ছুটিতে রয়েছেন। আসিফ নজরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি এসেছি। তবে কোর্ট বসেনি। তাই চলে যাচ্ছি। আবার ডাকলে আসব।” আসিফ নজরুলের বিরুদ্ধে অভিযোগ, গত ১২ মার্চ বাংলাভিশনে এক টক শোতে তিনি বলেছিলেন, “আগামীতে কে ক্ষমতায় আসবে- বিরোধীদলীয় নেত্রীকে জিজ্ঞেস করলে তিনি বলবেন, তৃতীয় শক্তি। প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করলে তিনিও বলবেন, তৃতীয় শক্তি।” তার এই বক্তব্য অগণতান্ত্রিক শক্তিকে ক্ষমতা দখলে উস্কানি দেওয়ার শামিল দাবি করে রিট আবেদনটি করেন ব্যারিস্টার নওশের আলী নামে এক আইনজীবী। ওই বক্তব্যের ব্যাখ্যা দিতেই নাগরিক আন্দোলন নামে নবগঠিত একটি ফোরামের অন্যতম উদ্যোক্তা আসিফ নজরুলকে আদালতে তলব করা হয়েছিল। আদালত একইসঙ্গে গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস ও তৃতীয় শক্তির উত্থানে উস্কানি দেওয়া এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগে কেন আসিফ নজরুলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না- এই রুল জারি করে। আসিফ নজরুল ছাড়াও স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে দুই সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৫০২ ঘ.