২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত নেতা আজহার ফের রিমান্ডে

মুক্তির পরক্ষণেই কারা ফটক থেকে গ্রেপ্তারের পর দুটি মামলায় জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2012, 05:01 PM

Updated : 24 Aug 2022, 11:01 AM

ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তির পরক্ষণেই কারা ফটক থেকে গ্রেপ্তারের পর দুটি মামলায় জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। আজহারের সঙ্গে আরো সাত জনকে বুধবার দুটি মামলায় হেফাজতে পেয়েছে পুলিশ। এই সাত জনই কয়েকটি মামলায় গ্রেপ্তার হওয়ার ছয় মাস পর জামিন পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পেয়েছিলেন। কারাগার থেকে বেরিয়ে আসার পরপরই তাদের অন্য মামলায় গ্রেপ্তার করে পুলিশ। বুধবার তাদের আটটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকার হাকিম আদালতে পাঠানো হয়। পুলিশ রমনা থানার একটি মামলায় এই সাত জনকে ১০ দিন এবং মতিঝিল থানার আরেকটি মামলায় তাদের সাত দিনের জন্য হেফাজতে চেয়েছিল। রমনা থানার মামলায় হাকিম আসাদুজ্জামান নূর আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য তিন দিন সময় দেন পুলিশকে। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক জাফর আলী হেফাজতের আবেদনে বলেন, রাজধানীর মৌচাক মার্কেটের সামনে সংঘবদ্ধ হয়ে আজহারসহ ওই সাত জন পুলিশের কাজে বাধা দেয় এবং গাড়ি ভাংচুর করে। মতিঝিল থানার মামলায় হাকিম হাসিবুল হক জামায়াত সেক্রেটারি জেনারেলসহ সাত জনকে এক দিনের হেফাজতে পাঠিয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক হাবিবুর রহমান হেফাজতের আবেদনে আগের মামলার মতো অভিযোগই তুলে ধরেন। কারা ফটক থেকে আজহারের সঙ্গে গ্রেপ্তার অন্যরা হলেন- আবুল কাশেম, আশরাফুজ্জামান, মো. রেদোয়ান, নাসির উল্লাহ, আলিফ হোসেন, আব্দুল মান্নান। আজহারসহ এদের গত বছরের ১৯ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়েছিল। এরপর তাদের পাঁচটি মামলায় ২৪ দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ। আসামিরা ওই পাঁচটি মামলার চারটিতে হাই কোর্ট থেকে এবং একটিতে হাকিমের আদালত হতে জামিন পেয়ে মুক্তি পেয়েছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/২২৫০ ঘ.