গাজীপুর, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়কে নিরাপত্তাহীনতায় হতাশা প্রকাশ করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। সংসদে বিরোধী দÍে আচরণেও হতাশ তিনি।
বুধবার গাজীপুরে এক কর্মশালায় বক্তব্যে আওয়ামী লীগ নেতা কাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ একটি দেশ গড়ে সবার প্রতি আহ্বান জানান।
গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বাড়াতে গাজীপুর পৌরসভায় আয়োজিত ওই কর্মশালার আয়োজক ছিল ‘নিরাপদ সড়ক চাই’ ও ঢাকার আমেরিকান সেন্টার।
ওবায়দুল কাদের বলেন, “আমি নিরাপদ বাংলাদেশের স্বপ্ন দেখি, অথচ আমার সড়কে নেই নিরাপত্তা। এদেশের রাস্তায় প্রতিদিন মাছির মতো, পাখির মতো মানুষ মরে। অনেক ক্ষেত্রে, তাদের পরিচয়ও অনেকে জানে না। তবে দু-একজন বিখ্যাত লোকের মৃত্যু হলে তখন আলোচনার ঝড় বয়ে যায়।”
বেপরোয়া গতিতে গাড়ি চালনার সঙ্গে রাজনীতিকদের আচরণের তুলনা করে তিনি বলেন, “কিছু ড্রাইভার বেপরোয়া, তারা লাশ ফেলছে রাজপথে। আর কিছু নেতা বেপরোয়া, তারা গণতন্ত্রকে লাশ বানাচ্ছে সংসদে।”
সংসদে অশালীন বক্তব্যের সমালোচনা করে তিনি আরো বলেন, “জাতীয় সংসদে চরিত্র হননের যে কুরুচিপূর্ণ কথা বলা হয়, তা থেকে দেশের শিশু-কিশোররা কী শিখল? বিরোধী দল সংসদে এলে সংসদ কার্যকর হবে, অথচ গত তিন দিন তারা আমাদের কী শোনালেন! পৃথিবীর কোনো দেশের সংসদে এত অশালীন বক্তব্য দেওয়া হয়েছে, তা কখনো শুনিনি।”
“শুধু ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি মানুষের কল্যাণ বয়ে আনে না। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যও ভাবতে হবে, কাজ করতে হবে,” বলেন কাদের।
‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রধান ইলিয়াস কাঞ্চন যানজট নিরসনে দোতলা বাস বাড়ানোর পরামর্শ দেন। যানজট নিরসনে সরকার সমর্থক সংগঠন ছাত্রলীগকেও কাজে লাগানো যেতে পারে, বলেন তিনি।
কর্মশালার আগে ‘নিরাপদ সড়ক চাই’ গাজীপুর শাখার উদ্যোগে জেলা শহরের রাজবাড়ি থেকে শিববাড়ি পর্যন্ত একটি শোভাযাত্রা বের হয়। কর্মশালায় দেড় শতাধিক চালককে প্রশিক্ষণ দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৩৬ ঘ.
bdnews24