সিরাজগঞ্জ, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে যুবলীগ নেতার করা মামলায় ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করার জেরে একঘণ্টা থানা ঘেরাও এবং সড়ক অবরোধ করেছে নেতাকর্মীরা।
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে অবরোধ ও ঘেরাও হয়। সাড়ে ১০টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নেতাকর্মীদের বরাত দিয়ে বেলকুচি থানার ওসি (তদন্ত) আব্দুল হালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আধিপত্য বিস্তার নিয়ে বিকালে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুল হক রেজা, সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী ও যুবলীগ নেতা ওয়ালিদের সঙ্গে যুবলীগের যুগ্ন আহবায়ক আব্দুল মান্নান জোয়ারদারের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতি হয়।
এ ঘটনায় আব্দুল মান্নান জোয়ারদার থানায় অভিযোগ করলে সন্ধ্যার পর পুলিশ ইউসুফ আলীকে গ্রেপ্তার করে। খবর পেয়ে ছাত্রলীগ ও যুবলীগের শতাধিক নেতাকর্মী বেলকুচি থানা ঘেরাও এবং সামনের রাস্তা অবরোধ করে।
ওসি আরো বলেন, ঘণ্টাখানেকের মধ্যে নেতাদের সহায়তায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৩ ঘ.
bdnews24