ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির জ্যেষ্ঠ সাংসদ মওদুদ আহমদ বলেছেন, বাতিল হয়ে যাওয়া তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি সংবিধানে সরকারকেই পুনর্বহাল করতে হবে।
এটা হলেই ‘সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বিষয়ে আলোচনা হতে পারে’ বলেও মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার বিকালে সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবে আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন মওদুদ।
এ সময় তিনি বলেন, “নির্দলীয় নিরপেক্ষ সরকারের কোনো নতুন ফর্মুলা আমরা দেব না।”
সংসদে ফেরার তৃতীয় দিনে বিএনপির জ্যেষ্ঠ কোনো নেতা তাদের রাজপথের আন্দোলনের মূল দাবি ‘তত্ত্বাবধায়ক সরকার’ নিয়ে কথা বললেন। এ ব্যবস্থা পুনর্বহালে গত ১২ মার্চ রাজধানীর এক মহাসমাবেশ থেকে বিএনপি আগামী ১০ জুন পর্যন্ত সরকারকে সময় বেঁধে দেয়।
তত্ত্বাবধায়ক পুনর্বহালে আন্দোলনরত বিএনপিকে সংসদে এসে এ ব্যবস্থা ফেরানোর প্রস্তাব দিতে একাধিকবার আহ্বান জানিয়েছিলেন সরকারের একাধিক মন্ত্রী।
গতবছর বাতিল হওয়া এ সরকার ব্যবস্থা পুনর্বহালে আন্দোলনরত বিএনপি টানা ৭৭ দিন অনুপস্থিত থেকে সংসদে ফেরে রোববার।
রবি ও সোমবার বিএনপি দলীয় দুই নারী সাংসদের ‘অশালীন ও আপত্তিকর’ বক্তব্যই ছিল সংসদ ও দেশজুড়ে আলোচনার বিষয়বস্তু। ওই বক্তব্য অবশ্য স্পিকার তাৎক্ষণিকভাবে এক্সপাঞ্জ করেছিলেন।
‘তত্ত্বাবধায়ক বর্তমান প্রধনমন্ত্রীরই ব্রেইন চাইল্ড’
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে সরকার নিজের অধীনে ক্ষমতায় আবারো যাওয়ার পথ তৈরি করেছে বলে অভিযোগ করেন সাবেক আইনমন্ত্রী মওদুদ।
তিনি বলেন, “১৯৯৬ সালে এই তত্ত্বাবধায়ক সরকার বর্তমান প্রধানমন্ত্রীরই ব্রেইন চাইল্ড। ১৯৯৪ সালে অস্ট্রেলিয়ার স্যার স্টিফেন নিনিয়ান ওই সময়ের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি অন্তবর্তীকালীন সরকারের প্রস্তাব দিয়েছিলেন।
“কিন্তু আজকের প্রধানমন্ত্রী তা নাকচ করে দিয়েছিলেন।”
“বলেছিলেন, অন্তর্বতীকালীন সরকার কোনোভাবেই নির্দলীয় হতে পারে না।”
তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল হওয়া সংবিধানের পঞ্চদশ সংশোধনী অনুযায়ী আগামী সংসদ নির্বাচন বর্তমান সরকারের মেয়াদের শেষ ৯০ দিনে ‘অন্তবর্তী সরকারের’ অধীনে হওয়ার কথা।
পঞ্চদশ সংশোধনীর সমালোচনা করে মওদুদ বলেন, “সংবিধানের ৭(৯) অনুচ্ছদের মৌলিক কাঠামো কখনোই সংশোধন করা যাবে না। এর মাধ্যমে সরকার জনগণের মৌলিক অধিকার হরণ করেছে।”
“একদিন না একদিন এই সংশোধনী অবশ্যই সংসদের মাধ্যমে বাতিল অথবা আদালতের মাধ্যমে অসাংবিধানিক বলে ঘোষিত হবে,” যোগ করেন সাবেক আইনমন্ত্রী।
বিএনপির মহাসমাবেশ
গত ১২ মার্চের মহাসমাবেশে ‘বাধা দেওয়ার’ সমালোচনা করে বিএনিপর স্থায়ী কমিটির সদস্য মওদুদ বলেন, “এর মাধ্যমে প্রমাণ হয়েছে, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”
নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি মেনে নেওয়া আহবান জানিয়ে তিনি বলেন, “এখনো সময় আছে, সমঝোতার পথে আসুন। এই দাবি মেনে নিয়ে দেশকে রক্ষা করুন।”
“নইলে কোনো কিছু বিনা চ্যালেঞ্জে যেতে দেওয়া হবে না। আমরা সংখ্যায় ছোট হতে পারি। তবে যুক্তি-তর্কে ও তথ্যে আপনাদের (সরকার) মোকাবিলা করবই।”
রাজধানীতে বিএনপির ১২ মার্চের মহাসমাবেশের আগে ১০ মার্চ রাত থেকে ঢাকার সঙ্গে সারা দেশের বাস যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ জন্য পরিবহন মালিকরা সরকার সংশ্লিষ্টদের অলিখিত নির্দেশকে দায়ী করলেও সরকার তা অস্বীকার করে।
সমাবেশের আগের দুদিন রাজধানীর হোটেলগুলোতেও কক্ষ ভাড়া দিতে নিষেধ করা হয় পুলিশের পক্ষ থেকে।
সংসদে বিরোধী দলকে কথা বলতে দেওয়া হয় না অভিযোগ করে মওদুদ বলেন, “রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় বিরোধী দলের ২০ জন সদস্য বক্তব্য দেওয়ার জন্য নাম দেওয়া হয়েছিল।
“স্পিকার মাত্র সাত জনকে বক্তব্য দিতে দিয়েছেন। এ থেকে প্রমাণ হয়- বিরোধী দলকে সরকার কথা বলতে দিতে চায় না।”
দীপু মনিকে ‘সাধুবাদ’
মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমানা রক্ষায় আন্তর্জাতিক আদালতের রায় বাংলাদেশের পক্ষে আসায় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিকে সাধুবাদ জানান সাবেক আইনমন্ত্রী।
ভারতের সঙ্গে সমুদ্রসীমানার বিষয়টিও আলোচনার পথে নয়, আন্তর্জাতিক আদালতের মাধ্যমে ফয়সালার আহ্বান জানান তিনি।
সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের মামলায় গত ১৪ মার্চ বাংলাদেশের পক্ষে রায় দেয় জাতিসংঘ ট্রাইব্যুনাল। একই বিষয়ে ভারতের সঙ্গে হেগের স্থায়ী সালিশ আদালতে চলমান মামলার নিষ্পত্তি আগামী ২০১৪ সালে হওয়ার কথা।
বিভিন্ন নদীর পানির হিস্যার বিষয়টি জাতিসংঘের মাধ্যমে সমাধানের জন্য পরামর্শ দিয়ে তিনি বলেন, “এসব জাতীয় স্বার্থ রক্ষার বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা করে কোনো লাভ হবে না। কূটনৈতিক সর্ম্পক ভালো রেখে আন্তর্জাতিক পর্যায়ে তা
নিয়ে যেতে হবে।”
ঢাকায় ভারতের হাই কমিশনার পঙ্কজ শরণ শনিবার বলেন, সমুদ্রসীমা বিরোধের সমাধান দ্বিপাক্ষিকভাবে হতে পারে।
অবশ্য সোমবার পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, ভারতের সঙ্গে চলমান মামলা থেকে সরে আসবে না বাংলাদেশ।
মূল্যস্ফীতি
দ্রব্যমূল্য নিয়ে প্রধানমন্ত্রীর পরিসংখ্যান সঠিক নয় দাবি করে সাবেক মন্ত্রী মওদুদ বলেন, “সরকারের প্রকাশিত অর্থনৈতিক সমীক্ষায় লেখা আছে, ১৯৯৬ সালে চালের দাম ছিল ১৬/১৭ টাকা। মইনুউদ্দিন-ফখরুদ্দিনের আমলে তা ৪০ টাকা হয়েছে।
“আমাদের সময়ে মূল্যস্ফীতি ছিল ৫/৬ শতাংশ। এখন তা ১১ শতাংশে।”
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে মূল্যস্ফীতির হার ছিল ১০ দশমিক ৪৩ শতাংশ, যা এর আগের মাসে (জানুয়ারিতে) ছিল ১১ দশমিক ৫৯ শতাংশ।
বর্তমান সরকারের আমলে বিচার-বর্হিভূত হত্যা, হেফাজতে নির্যাতন ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যুা বেড়েছে বলেও দাবি করেন মওদুদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচসি/পিডি/১৮২৭ ঘ.
bdnews24