২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বল এখন সরকারের কোর্টে: ফখরুল

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে বিএনপির দাবি কীভাবে পূরণ হবে, তা ঠিক করবে সরকার- বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2012, 08:15 AM

Updated : 24 Aug 2022, 11:00 AM

ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল কীভাবে হবে, তা সরকারকেই ঠিক করতে বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে তিনি সরকারকে আবার মনে করিয়ে দিয়েছেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া জাতীয় নির্বাচনে বিরোধী দল যাবে না। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে বিএনপির দাবির প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম শনিবার বলেন, বিএনপি সংসদে এসে আগামী নির্বাচনের বিষয় তাদের দাবি তুলে ধরলে তা সুপ্রিম কোর্টে পাঠানো হবে। সর্বোচ্চ আদালত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ বলে রায় দেওয়ার পর বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলোপ করে। সৈয়দ আশরাফের বক্তব্যের প্রতিক্রিয়ায় ফখরুল রোববার নয়া পল্টনে সাংবাদিকদের বলেন, “বল এখন সরকারের কোর্টে।” “নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি কোনো নির্বাচনে যাবে না। এখন কীভাবে তারা আগামী নির্বাচন করাবেন, তা তাদের বিষয়। এটা সংসদে বিল এনে করবেন, না সুপ্রিম কোর্টে নিয়ে যাবেন, তা তাদের বিষয়,” বলেন তিনি। ফখরুল জানান, জাতীয় সংসদ অধিবেশনে যোগ দিয়ে বিএনপি নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি তুলে ধরবে। সংসদে যাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, “সংসদে গিয়ে বিএনপির ভূমিকা হবে জনগণের পক্ষে কথা বলা। সংসদে যাওয়ার পক্ষে বিএনপি। কিন্তু সরকারি দলের কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্যে সংসদের পরিবেশ এমন পর্যায় পৌঁছেছে যে বিএনপির পক্ষে সংসদ থাকা কঠিন হয়ে পড়ে।” রোববার বিকাল ৪টায় সংসদ ভবনে বিএনপির সংসদীয় কমিটির সভা হবে। সেখানে সংসদে যোগদানের সিদ্ধান্তই হতে যাচ্ছে বলে ফখরুলের কথায় স্পষ্ট। বেতন-ভাতা রক্ষায় বিএনপি সংসদে আসছে- সৈয়দ আশরাফের এই বক্তব্যের জবাবে বিএনপি নেতা বলেন, “আগে নিজের আয়নায় আপনার মুখ দেখুন। অতীতে আপনারা বিরোধী দল থাকাকালে কতদিন সংসদে যাননি, একবার ভেবে দেখুন। বেতন-ভাতা তোলার সুবিধার জন্য আপনারাই সংসদে যেতেন।” সংসদ বর্জনের বিষয়ে ফখরুল বলেন, “সংসদে বিএনপির না যাওয়াটা ইচ্ছাকৃত নয়। সরকারি দল এমন পরিবেশ তৈরি করে, বিএনপির পক্ষে সংসদে থাকাটা কঠিন হয়ে পড়ে। আমরা কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে নোটিস দিলে তা আলোচনার জন্য গ্রহণ করা হয় না।” নির্বাচনে আইএসআইয়ের অর্থ প্রসঙ্গে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই থেকে অর্থ নেওয়ার অভিযোগ আবার প্রত্যাখ্যান করে ফখরুল বলেন, “যখন বিএনপির পক্ষে জনমত বাড়ছে, সরকারের পায়ের নিচে মাটি সরে যাচ্ছে, ঠিক তখনই উদ্দেশ্যমূলকভাবে এই অপপ্রচার চালানো হচ্ছে। এটা তাদের (সরকার) সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।” পাকিস্তানে একটি মামলার শুনানিতে সর্বোচ্চ আদালতে হাজির হয়ে সাবেক আইএসআই প্রধান আসাদ দুররানি রাজনৈতিক উদ্দেশ্যে অর্থ লেনদেনের কথা স্বীকার করেন। তাতে ১৯৯১ সালে বিএনপিকেও অর্থ দেওয়া হয়েছিল বলে ডেইলি মেইলের ভারত সংস্করণে একটি প্রতিবেদনে বলা হয়। ফখরুল বলেন, “এ সংক্রান্ত প্রথম সংবাদ প্রকাশিত হয় খালিজ টাইমসে। ওই সংবাদটি ভারতীয় সাংবাদিক দীপাঞ্জন রায় লিখেছেন। পাকিস্তানের কোনো পত্রিকায় এরকম সংবাদ প্রকাশ হয়নি।” আসাদ দুররানির আদালতে দেওয়া বক্তব্যের এফিডেভিড কপি দেখিয়ে ফখরুল বলেন, “আমরা এফিডেভিট কপি সংগ্রহ করেছি। এতে পাকিস্তানের গোলাম মোস্তফা জাতই, জামস আসিফ, নেওয়াজ শরীফসহ পাকিস্তানি যাদের অর্থ দেওয়া হয়েছে, তাদের নামসহ অর্থের পরিমাণ লেখা রয়েছে। “আমার হাতে পুরো তালিকাটিই আছে। এখানে কোথাও বিএনপি অথবা খালেদা জিয়া কিংবা পাকিস্তানের বাইরের কোনো ব্যক্তির নাম নেই।” “আমরা স্পষ্টভাষায় বলতে চাই, বিএনপি কখনো বিদেশ থেকে অর্থ এনে রাজনীতি কিংবা নির্বাচন করেনি। লন্ডনের ইকোনমিস্ট পত্রিকা বলেছে, আওয়ামী লীগই ২০০৮ সালে প্রতিবেশী দেশ থেকে বস্তায় বস্তায় টাকা এনে নির্বাচনে জিতেছে,” বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪১০ ঘ.