ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপিকে টাকা দেওয়ার কথা আদালতে স্বীকার করেছেন আইএসআইয়ের সাবেক প্রধান- গণমাধ্যমে প্রকাশিত এমন খবর প্রত্যাখ্যান করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার দুপুরে এক আলোচনা সভায় তিনি বলেন, “ইকোনোমিস্টে ছাপা হয়েছে- ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রতিবেশী দেশের কাছ থেকে বস্তায় বস্তায় টাকা এনে নির্বাচনে জিতেছে। এখন সেই সত্য ঢাকতে বিএনপির বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করছে।”
ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলের ভারত সংস্করণে (অনলাইন) বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সাবেক প্রধান আসাদ দুররানি বুধবার পাকিস্তানের সুপ্রিম কোর্টে এক শুনানিতে ১৪ কোটি রুপি বিলি করার কথা স্বীকার করেন।
তিনি বলেন, ১৯৯১ সালে নির্বাচনের আগে বিএনপিকেও অর্থ দিয়েছিল আইএসআই।
ডেইলি মেইলের ওই প্রতিবেদনের ভিত্তিতে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমেও এ খবর প্রকাশিত হয়।
এ খবর প্রত্যাখ্যান করে জাতীয় প্রেসক্লাবে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, “ইদানিং প্রধানমন্ত্রী জোরেশোরে মিথ্যাচার করছেন। আমরা স্পষ্টভাষায় বলতে চাই- বিএনপি কখনোই বিদেশ থেকে টাকা নিয়ে নির্বাচন করেনি।”
“সরকারকে বলব, এভাবে মিথ্যাচার করে জনগণের দৃষ্টি অন্যত্র ফেরানোর অপচেষ্টা করে কোনো লাভ হবে না”, বলেন তিনি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আলোচনা সভায় বলেন, আওয়ামী লীগের দুই নেতা ১৯৯৬ সালের নির্বাচনের আগে পাকিস্তান থেকে ‘ফাণ্ড’ নিয়েছিলেন বলে ‘জনশ্রুতি’ আছে।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুও দাবি করেন, আইএসআইয়ের অর্থ সংক্রান্ত খবর সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৫৫০ ঘ.
bdnews24