২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিএনপি সংসদে আসছে বেতন-ভাতা রক্ষায়’

বিরোধী দল সংসদে ফেরার ইংগিত দেওয়ার পরদিনই এ মন্তব্য করলেন ক্ষমতাসীন দলের মুখপাত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2012, 06:30 AM

Updated : 24 Aug 2022, 10:59 AM

ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেতন-ভাতা ঠিক রাখতেই বিরোধী দলীয় সদস্যরা সংসদে ফিরছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ধানমণ্ডির ৩২ নম্বরে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে শনিবার সকালে সৈয়দ আশরাফ সাংবাদিকদের বলেন, “বিভিন্ন ব্লগে তরুণ প্রজম্ম বিরোধী দলের সংসদে যোগ দেওয়া নিয়ে লিখেছে, ‘এতো দিন সংসদে আসেন নাই, বেতন- ভাতা সব কিছুই ভোগ করেছেন, এখন যদি তারা না আসে, তাহলে বেতন-ভাতা থেকে বঞ্চিত হবে।’” “সেই কারণেই তারা সংসদে আসছেন”, যোগ করেন আওয়ামী লীগের মুখপাত্র। টানা ৮৩ দিন ধরে সংসদে অনুপস্থিত বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া রোববার বিকেলে বিএনপির সংসদীয় দলের বৈঠক ডেকেছেন। ওই বৈঠকে ‘ইতিবাচক’ সিদ্ধান্ত আসতে পারে বলে ইতোমধ্যে ইংগিত দিয়েছেন বিরোধী দলীয় প্রধান হুইপ। কার্যপ্রণালী বিধি অনুযায়ী, টানা ৯০ দিন অনুপস্থিত থাকলে একজন সাংসদের সদস্য পদ শূন্য হয়ে যায়। সংসদ সদস্য পদ টিকিয়ে রাখতে হলে তাই আর সাত কার্যদিবসের মধ্যে বিরোধী দলের অধিবেশনে ফিরতে হবে। এ প্রসঙ্গে সৈয়দ আশরাফ সাংবাদিকদের বলেন, “সংসদ তো যারা নির্বাচিত হয়েছেন- তাদের সকলেরই। শুধু সংসদ সদস্য পদ রক্ষা করার জন্য যোগদান কিন্তু জাতি খুব ভালোভাবে নেয়নি।” তারপরও বিরোধী দল সংসদে যোগ দিয়ে ‘গঠনমূলক ভূমিকা’ রাখবে বলে আশা প্রকাশ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, “আমরা অধীর আগ্রহে অপেক্ষায় আছি, বিরোধীদল আকাক্সিক্ষত অলটারনেটিভ প্রস্তাব উত্থাপন করে গণতন্ত্রের পথযাত্রাকে সুদৃঢ় করার চেষ্টা করবে।” তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে রাজপথে আন্দোলন চালিয়ে আসা বিএনপি দাবি তুলেছে, সরকারকেই এ ব্যাপরে সংসদে বিল পাস করতে হবে। অন্যদিকে ক্ষমতাসীন দলের নেতারা তেমন সম্ভবনা উড়িয়ে দিয়ে বলে আসছেন, বিএনপির ভিন্ন কোনো প্রস্তাব থাকলে সংসদে এসেই তা দেওয়া উচিৎ। সর্বশেষ গত বছরের ২৪ মার্চ খালেদা জিয়ার নেতৃত্বে সংসদের অষ্টম অধিবেশনে যোগ দেয় বিএনপির সংসদ সদস্যরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসইউ/জেকে/১২২০ ঘ.