ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপিকে ১৯৯১ সালে অর্থ দেওয়ার কথা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) এর তৎকালীন প্রধান স্বীকার করেছেন বলে ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল জানিয়েছে।
১৯৯০ সালে গণঅভ্যুত্থানের মুখে সাবেক সামরিক শাসক এরশাদের পতনের পর নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করেছিল বিএনপি।
১৯৯১ সালের সাধারণ নির্বাচনের সময় আইএসআইয়ের অর্থ দেওয়ার এই অভিযোগ নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে পাল্টাপাল্টি বক্তব্য চলছে।
ডেইলি মেইল তাদের ভারত সংস্করণে (অনলাইন) বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে বলেছে, বুধবার পাকিস্তানের সুপ্রিম কোর্টে এক শুনানিতে আইএসআইয়ের সাবেক প্রধান আসাদ দুররানি স্বীকারোক্তি তুলে ধরেন।
শুনানিতে ভারতের উত্তরপূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের সহযোগিতা করার কথাও তিনি স্বীকার করেন বলে প্রতিবেদনে বলা হয়।
আইএসআইয়ের বিরুদ্ধে দেশে-বিদেশে অবৈধ পন্থায় অর্থ লেনদেনের অভিযোগ উঠায় তা খতিয়ে দেখছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ইফতিখার মুহাম্মদ চৌধুরীর নেতৃত্বে দেশটির সর্বোচ্চ আদালতের তিন সদস্যের একটি বেঞ্চে এর শুনানি চলছে।
পাকিস্তানি দৈনিক দি নিউজ জানায়, শুনানিতে ১৪ কোটি রুপি বিলি করার কথা স্বীকার করেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আসাদ দুররানি।
আইএসআইয়ের অর্থ পাওয়ার তালিকায় বিএনপিও রয়েছে- এই তথ্য তুলে ধরে আমিরাতের দৈনিক খালিজ টাইমস স¤প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করে।
এরপর গত ১০ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলের সমালোচনা করতে গিয়ে এই কথাটি তুলে ধরেন। এরপর ১২ মার্চ নয়া পল্টনের জনসভায় এই অভিযোগ প্রত্যাখ্যান করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, তাদের বিদেশি টাকার প্রয়োজন নেই।
খালেদার এই বক্তব্যের পর গত ১৪ মার্চ শেখ হাসিনা ১৪ দলের জনসভায় পুনরায় বলেন, “বিএনপি আইএসআই থেকে টাকা নিয়েছে এবং এখনো নিচ্ছে।”
এর প্রতিক্রিয়ায় পরদিন এক অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর এই অভিযোগের সপক্ষে প্রমাণ উপস্থাপনের দাবি জানান।
আইএসআইয়ের বিরুদ্ধে পাকিস্তানের অভ্যন্তরে রাজনৈতিক অঙ্গনে হস্তক্ষেপের অভিযোগ রয়েছে। এছাড়া বাংলাদেশ থেকে ভারতের উত্তরপূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে অর্থসহ নানা ধরনের সহযোগিতার অভিযোগও রয়েছে এই সংস্থাটির বিরুদ্ধে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/২৩৪৪ ঘ.
bdnews24