ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সামরিক শাসক এইচ এম এরশাদের রাষ্ট্র ক্ষমতা দখলের দিন ২৪ মার্চ ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করবে বিএনপি।
রোববার দলের যৌথসভায় এই দিনটি পালনের সিদ্ধান্তের পাশাপাশি স্বাধীনতা দিবসের কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ফখরুল বলেন, “১৯৮২ সালে ২৪ মার্চ নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তারের সরকারকে উৎখাত করে স্বৈরাচার এরশাদ অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল। এ দিনে এরশাদ সামরিক শাসন জারি করেছিল। এই দিনটিকে আমরা এবার গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করব।”
সারা দেশে বিএনপির সব পর্যায়ের কমিটিকে দিনটি পালনের নির্দেশ দেওয়া হচ্ছে বলে তিনি জানান।
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৩ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত পক্ষকালের কর্মসূচি পালন করবে বিএনপি।
২৫ মার্চ বিকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা হবে। ২৬ মার্চ খালেদা জিয়ার নেতৃত্বে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দেবেন বিএনপি নেতারা। এরপর ফুল দেওয়া হবে শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবরে।
ফখরুল জানান, ২৭ মার্চ ঢাকায় স্বাধীনতা দিবসের শোভাযাত্রা বের করবে বিএনপি।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভায় বিএনপি নেতাদের মধ্যে ছিলেন শামসুজ্জামান দুদু, মিজানুর রহমান মিনু, রুহুল কবির রিজভী, মসিউর রহমান, আসাদুল হাবিব দুলু, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মনিরুল হক চৌধুরী, খায়রুল কবির খোকন, নাজিম উদ্দিন আলম, আবদুস সালাম।
সহযোগী সংগঠনগুলোর নেতাদের মধ্যে সভায় অংশ নেন কবির মুরাদ, জাফরুল হাসান, হাফেজ আবদুল মালেক, নুরে আরা সাফা, শফিউজ্জামান খোকন, আবদুস সালাম আজাদ, মীর শরফত আলী সপু, আবুল কালাম আজাদ, এম এ মালেক, আমিরুল ইসলাম খান আলিম, আনিসুর রহমান তালুকদার খোকন প্রমুখ।
যৌথসভায় আগামী ২৯ মার্চ দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালনের বিষয়েও আলোচনা হয়। ১২ মার্চের সমাবেশে বাধা এবং গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তি দাবিতে এই হরতাল ডাকা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/১৫১৪ ঘ.
bdnews24